অতিবর্ষণে উদ্বেগ জামায়াতের
নিরাপদ যাতায়াত ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান
Printed Edition
নিজস্ব প্রতিবেক
দেশের বিভিন্ন জেলায় চলমান অতিবর্ষণ ও বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। গতকাল বুধবার তিনি এক বিবৃতিতে বলেন, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, নেত্রকোনা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষকের ফসলি জমি, গবাদি পশু, হাঁস-মুরগি এবং সাধারণ মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। দুর্গত এলাকার রাস্তাঘাট ও চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে পানি প্রবেশ করায় পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। তাদের নিরাপদ যাতায়াত ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
তিনি অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, চিকিৎসাসেবা ও আশ্রয়ের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কার ও টেকসইভাবে রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে জনগণকে এমন দুর্ভোগের শিকার হতে না হয়।
তিনি দেশবাসী, সামাজিক সংগঠন ও বিত্তবানদের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং দুর্গত মানুষের সার্বিক কল্যাণ কামনা করেন।