মিরসরাইয়ে বিপিসির পাইপ লাইনে ঘর তুলে তেল চুরি

মাটির ১২ ফুট নিচে ফুটো করা হয়

Printed Edition

এম মাঈন উদ্দিন মিরসরাই (চট্টগ্রাম)

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চট্টগ্রাম-ঢাকা পাইপলাইনের ওপর ঘর বানিয়ে অভিনব কায়দায় ডিজেল চুরির ঘটনা ধরা পড়েছে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদি ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইলে পাম্পিং করায় অতিরিক্ত চাপে পাইপলাইনের ফুটো দিয়ে তেল ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। পুলিশ চাঞ্চল্যকর এ চুরির মূল হোতাকে শনাক্ত করেছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, এক মাস আগে হাদি ফকিরহাট বাজারের উত্তর পাশে মহাসড়ক সংলগ্ন একটি জায়গায় বিপিসির তেল সরবরাহ লাইনের ওপর একটি টিন শেড ঘর তৈরি করেন স্থানীয় মো: আফসার। তিনি ঘরটি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার নাসির উদ্দিনের ছেলে আমিরুল ইসলামের কাছে ভাড়া দেন। ঘর ভাড়া নিয়ে আমিরুল কোনো এক চক্রের সহযোগিতায় ঘরের ১২ ফুট নিচ দিয়ে যাওয়া পাইপলাইন ফুটো করে তেল চুরি করে আসছে। লাইন ফুটো করার পর অনিয়ন্ত্রিতভাবে তেল বের হওয়া শুরু হলে আমিরুল সটকে পড়েন। পরে ঘরটির পাশের ডোবায় তেল প্রবাহিত হলে স্থানীয় লোকজন তা সংগ্রহ করতে ভিড় জমায়। তখন বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে নিরাপত্তা বলয় তৈরি করে। পরে বিপিসির কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তেল সরবরাহ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, হাদি ফকিরহাট এলাকায় মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা বিপিসির তেল সরবরাহের পাইপলাইন ফুটো করে তেল চুরি চেষ্টা করছিল একটি চক্র। ঘটনাস্থল থেকে কয়েক ড্রাম তেল একটি ড্রিল মেশিন ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’

ঘটনাস্থলে আসা বিপিসির এক কর্মকর্তা জানান, এ ঘটনায় পাইপলাইনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী পরিমাণ তেল চুরি হয়েছে তা নিরূপণে তদন্ত চলছে।

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, এ ঘটনায় ভাড়া ঘরের মালিকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মূল হোতা আমিরুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। বিপিসির পক্ষ থেকে এজাহার দিলে আমরা মামলা নেবো।