নারী টি-২০ বিশ্বকাপ
বাংলাদেশ দলে নতুন মুখ জুয়াইরিয়া
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে আসন্ন নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন নাহিদা আক্তার। আগামী ১২ জানুয়ারি টাইগ্রেসরা নেপালের কাঠমুন্ডুর উদ্দেশে বাংলাদেশ ছাড়বে। স্কোয়াডে চমক জুয়াইরিয়া ফেরদৌস। বয়সভিত্তিক দলে খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি এই উইকেটরক ব্যাটারের। অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ^কাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫, স্কটল্যান্ডের বিপক্ষে ২০, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ এবং নেপালের বিপক্ষে ২ রান করেছিলেন। স্পিন বোলিং লাইনআপে আছেন দুই বাঁহাতি স্পিনার নাহিদা ও সানজিদা আক্তার মেঘলা। অক্টোবরে গত বছর ওয়ানডে বিশ্বকাপে খেললেও আন্তর্জাতিক টি-২০তে সবশেষ মেঘলা খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে।
বাছাইপর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০ দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে স্কটল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস এবং নেপাল। আগামী ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে জ্যোতিরা। এরপর ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনি, ২২ জানুয়ারি নামিবিয়া এবং ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপে মাঠে নামবে টাইগ্রেসরা। দুই গ্রুপের সেরা ৩টি করে ৬ দল যাবে দ্বিতীয় রাউন্ডে। সেখান থেকে সেরা চার দল নিশ্চিত করবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। ২০২৬ সালের জুন জুলাই মাসে ইংল্যান্ড এবং ওয়েলসে বসছে নারী টি-২০ বিশ্বকাপের আসর।
বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন। স্ট্যান্ডবাই : শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সনিয়া, হাবিবা ইসলাম পিংকি।