ইবিতে ভাষাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Printed Edition

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শুদ্ধ বানান, শুদ্ধ ভাষা, সমৃদ্ধ হোক বাংলা ভাষা- এ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘প্রমিত বাংলা বানান ও শব্দ গঠন : বৈকল্য ও উত্তরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা মিলনায়তনে ইবির বাংলা বিভাগের উদ্যোগে এবং বাংলা সংসদের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মনজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: আসাদুজ্জামান। সূচক বক্তা ছিলেন প্রফেসর গাজী মোহাম্মদ মাহবুব মুরশিদ। স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুজ্জামান।

সেমিনারে বক্তারা বাংলা ভাষার প্রমিত বানান ও শব্দ গঠনে বিদ্যমান ভুল, ভাষার বৈকল্য এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সংরক্ষণে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আরো সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ মনজুর রহমান বলেন, বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষার জন্য অনেক শহীদ নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের রক্তের সাথে আমরা বেঈমানি করতে পারি না। তাই বাংলা ভাষার শুদ্ধ চর্চায় সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, নিজেদের ভাষার প্রতি যতœশীল না হলে একসময় বাংলা ভাষা হুমকির মুখে পড়তে পারে। ভাষার প্রতি দরদ ও দায়িত্ববোধ থেকে ভুল বানান ও শব্দের ব্যবহার সংশোধন করে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে।