শিক্ষা খাতে এত বড় বাজেট বাংলাদেশের ইতিহাসে হয়নি : অর্থ ও পরিকল্পনামন্ত্রী
Printed Edition
সাভার (ঢাকা) সংবাদদাতা
শিক্ষা খাতে এত বড় বাজেট বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি, তা বিএনপি সরকার বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল শুক্রবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ব্র্যাক সিডিএম-এ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে ভিসিদের সাথে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, বাংলাদেশে শিক্ষা যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখান থেকে আমরা বেরিয়ে এসে সত্যিকার অর্থে রিয়েল লাইফ এডুকেশনে যেতে চাচ্ছি। দেশ ও দেশের বাইরে নিড বেইজড এডুকেশন দরকার, যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে পৌঁছাতে হবে। ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে ক্রেডিট ট্রান্সফার যাতে করতে পারে। সুতরাং একটা মানসম্মত শিক্ষাব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সহায়তা করবে বলেও বলেন তিনি। ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় অনুষ্ঠিতব্য এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন ভিসিসহ নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশী-বিদেশী শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের উচ্চ শিক্ষা বর্তমানে প্রযুক্তিগত পরিবর্তন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, গুণগত মান ও জবাবদিহির ক্রমবর্ধমান প্রত্যাশা এবং বৈশ্বিক প্রতিযোগিতার মতো নতুন বাস্তবতার মুখোমুখি। এ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোকে আরো উদ্ভাবনী, জবাবদিহিমূলক, সুশাসিত এবং পরিবর্তিত বিশ্বের জন্য দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিন, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।