চীনা নাগরিকের তত্ত্বাবধানে অবৈধ আইফোন কারখানা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় চাইনিজ নাগরিকদের সরাসরি তত্ত্বাবধানে গড়ে উঠেছিল একটি অবৈধ আইফোন সংযোজন কারখানা। যেখানে কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা মোবাইল ফোনের যন্ত্রাংশ দিয়ে অবৈধভাবে আইফোন সংযোজন করে স্থানীয় বাজারে সরবরাহ করা হতো। সম্প্রতি ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় বছর ধরে চলা এই প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন ও আইফোনের পার্টস ও ফোন তৈরির বিভিন্ন মেশিনারিজ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে ডিবি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, বুধবার উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালায়। অভিযানে উত্তরা এলাকা থেকে ৫৮টিসহ একজনকে এবং নিকুঞ্জ-১ থেকে ৩০৫টি মোবাইল ফোনসহ দুই চীনা নাগরিককে গ্রেফতার করে। গ্রেফতারকালে অবৈধ মোবাইলের পাশাপাশি আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ, পার্টস সংযোজনের মেশিনারিজ এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।

ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল আরো জানান, চক্রটি বিদেশ থেকে আইফোনের বিভিন্ন পার্টস আলাদা করে অবৈধভাবে দেশে এনে ঢাকায় একটি গোপন ল্যাব স্থাপন করে। ওই ল্যাবে যন্ত্রাংশ সংযোজন করে আইফোনের আদলে ভুয়া মোবাইল ফোন তৈরি করা হতো, যা পরে আসল আইফোন হিসেবে বাজারে ছাড়া হতো। প্রায় দেড় বছর ধরে এই চক্রটি এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। এ সময়ে তারা বিপুল পরিমাণ ভুয়া মোবাইল ফোন বাজারে সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে। কম দামে ‘অরিজিনাল আইফোন’ বিক্রির প্রলোভনে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন।

গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের সময় গ্রেফতার ৬ : কলাবাগান থানাধীন ৪০ লেকসার্কাস এলাকার শাহজালাল গেস্ট হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছয়জনকে গ্রেফতার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়। গ্রেফতাররা হলেন- প্রান্ত গুপ্ত (২৮), পপি রানী (২৫), মো: মশিউর রহমান (২৭), সাদিয়া আফরিন (২৪), মো: হাসান (৩২) ও জান্নাতুল ফেরদৌস তিশা (২২)।

মতিঝিলে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার : রাজধানীর মতিঝিল এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ আবু তাহের (২৯) নমে একজন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ। বৃহস্পতিবার টিঅ্যান্ডটি কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু তাহের পেশাদার মাদককারবারির সদস্য। সে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর মতিঝিল এলাকায় বিক্রয় করে।

রাজধানীর মিরপুর এলাকা থেকে ৯০ বোতল ফেনসিডিলসহ মাসুদ রানা ওরফে সাগর (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। যার আনুমানিক মূল্য দুই লাখ ৭০ হাজার টাকা। এ সময় মাদককাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল ভোরে সেকশন-২, লাভ রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া মিরপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলো- সোনিয়া আক্তার (২৯), রেবেকা সুলতানা (৩৩), মো. হুমায়ুন কবির (৩৭), মো: শফিকুল ইসলাম (৪২), মো: গোলাম রাব্বী (২১), মো: মাসুদ রানা ওরফে সাগর (২৭) ও মো: দেলোয়ার হোসেন (২৮)।

শেরেবাংলা নগরে থেকে গ্রেফতার ১০ : রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মো: রিপন (২৫), ইনতেখাম রহমান ইমন (২১), মো: আসিব হোসাইন (২১), মো: আনিছুর রহমান (৩২), মো: জহিরুল ইসলাম (৪৮), মাহাদী ইসলাম (২২), মো: মাহিন (২০), মো: রাজু মিয়া (২৪), মো: বাপ্পি (৩২) ও আঁখি (২১)।