গাজা দখলে ইসরাইলের ৩৭ মিলিয়ন ডলার অনুমোদন

Printed Edition

আলজাজিরা ও আনাদোলু

ইসরাইল অধিকৃত পশ্চিমতীরে ৭০টির বেশি ঐতিহাসিক ও প্রতœতাত্ত্বিক স্থান নিজেদের নিয়ন্ত্রণে নিতে নতুন করে ১১৩ মিলিয়ন শেকেল বা প্রায় ৩৭ মিলিয়ন ডলার বরাদ্দ অনুমোদন করেছে। গত মঙ্গলবার সরকারি স্টিয়ারিং কমিটির বৈঠকে গত মে মাসে গৃহীত ২৫০ মিলিয়ন শেকেলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই অর্থ ছাড়ের সিদ্ধান্ত হয়। কমিটির তথ্যমতে, ইসরাইলের বসতি স্থাপনবিষয়ক মন্ত্রণালয় সরাসরি ১৫৭ মিলিয়ন শেকেল পাবে। পাশাপাশি আরো ১৪২ মিলিয়ন শেকেলের অতিরিক্ত বরাদ্দও অনুমোদিত হয়েছে। একই দিনে নেসেটের অর্থ কমিটিও সংস্থাটির জন্য প্রায় ৩০০ মিলিয়ন শেকেলের পৃথক বরাদ্দ অনুমোদন করেছে। ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ জানিয়েছেন, নতুন দর্শনার্থী কেন্দ্র ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে এসব স্থানকে ইহুদি ঐতিহ্যের অংশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। ফিলিস্তিনি গণমাধ্যমের দাবি, পরিকল্পনার অন্যতম লক্ষ্য বেথলেহেমের ঐতিহাসিক ‘সলোমনস পুলস’ এলাকা নিয়ন্ত্রণে নেয়া। ২০২২ সাল থেকে পশ্চিমতীরে ১০৪টি বসতি ও ১৬০টি আউটপোস্ট অনুমোদন দিয়েছে ইসরাইল, যা আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত।