চট্টগ্রামে জশনে জুলুস অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

মহানবী হজরত মুহাম্মদ সা:-এর পৃথিবীতে শুভাগমন স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ৫৫তম জশনে জুলুস। বুধবার সকাল থেকেই নগরীর রাজপথে এই জুলুস অনুষ্ঠিত হয়।

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সকাল ৯টায় ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস শুরু হয়। এতে নেতৃত্ব দেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মুজিআ)। তার সাথে ছিলেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মুজিআ) ও সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব শাহ (মুজিআ)। বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, লালখান বাজার ও টাইগারপাস হয়ে জুলুসটি পুনরায় একই সড়কে জুলুস ময়দানে পৌঁছে।

নগরীর পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও দূর-দূরান্ত থেকে আসেন নানা বয়সী মানুষ। কারো হাতে পতাকা, কারও হাতে ব্যানার। জুলুসের পথে পথে ছিল নাতে রাসূল, হামদ ও গজলের আসর। অনেককে বাদ্যের তালে তালে উচ্ছাস প্রকাশ করতেও দেখা যায়। জুলুসকে ঘিরে নগরীর বিভিন্ন স্থানে ছিল খাবার, পানি ও শরবত বিতরণের আয়োজন।

আয়োজকরা জানান, জশনে জুলুসের অন্যতম উদ্দেশ্য প্রিয় নবী হজরত মুহাম্মদ সা:-এর জীবন, আদর্শ ও মানবতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়া এবং নতুন প্রজন্মকে তার আদর্শে উদ্বুদ্ধ করা।

১৯৭৪ সালে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহ:-এর উদ্যোগে চট্টগ্রামে জশনে জুলুসের সূচনা হয়।