নাসরিনের বড় তারকা দুই ঈষিতা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুই দিন স্থগিত করা হয় নারী ফুটবল লিগ। আজ পুনরায় মাঠে গড়াচ্ছে ১১ দলের এই লিগ। দুই দিন লিগ বন্ধ থাকায় উপকারই হয়েছে ক্লাবগুলোর। কারণ ক্লাবগুলো তেমন কোনো সময়ই পায়নি দলকে অনুশীলন করানোর। দুই দিনে কিছুটা কাজ হয়েছে। প্রথম ম্যাচে বিকেএসপির কাছে ৮-০ গোলে হেরেছে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি। এই দলের কোচ মনির হোসেন জানান, ‘খুব ভালো হয়েছে দুই দিন সময় পেয়ে। আমার দলতো কচিকাচার আসর। খেলোয়াড়দেরতো চিনিই না। এই অবস্থার মধ্যেই খেলতে হয়েছিল প্রথম ম্যাচ। এখন দুই দিনের অনুশীলনে তাদের বুঝতে পেরেছি।’ এরপর জানান, ‘এসব দলকে পুরোপুরি প্রস্তুত করতে তিন মাস লাগে। সেটাও না পেলে কমপক্ষে ১৫ দিনের সময়তো দরকার।’

প্রথম ম্যাচে বড় হার বরণ করা নাসরিন স্পোর্টস একাডেমি ৩ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ খেলবে শক্তিশালী রাজশাহী স্টারসের বিপক্ষে। নাসরিন স্পোর্টস এবার খুব একটা ভালো করতে পারবে না। কারণ দলে বেশির ভাগ ফুটবলারই নতুন। এরপরও দলে আছেন দুইজন বড় তারকা। এদের একজন অধিনায়ক ইশরাত জাহান ঈষিতা। অপর জন গোলরক্ষক ঈশিতা ত্রিপুরা। সিনিয়র ঈশিতা ডিফেন্সে খেলেন। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। কখনই জাতীয় দলে খেলা হয়নি তার। এ নিয়ে আফসোসের শেষ নেই। এখনো স্বপ্ন দেখেন লাল-সবুজ জার্সি গায়ে তোলার। জানান, ‘আমার কপাল খারাপ। কখনই জাতীয় দলে খেলতে পারিনি। তবে এখনো স্বপ্ন দেখি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার।’ সিনিয়র ঈষিতা জাতীয় দলে খেলতে না পারলেও খ্যাপের ফুটবলে বড় তারকা। তিনি ও গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি মিলে মাতিয়ে রাখেন খ্যাপের ফুটবলের মাঠ ও দর্শকদের। জেলা পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে খেলা তিনি ঝিলির মতো অনেক টাকা নেন ম্যাচ প্রতি। সেই টাকার পরিমাণ তিনি উল্লেখ করেননি। তবে অন্য একটি সূত্র জানিয়েছে ১২-১৩ হাজারের নিচে কোনো ম্যাচই খেলেন না এই ঈষিতা। নারী লিগে এফসি উত্তরবঙ্গ ক্লাব দিয়ে যাত্রা শুরু তার। চার বছর ধরে আছেন নাসরিন স্পোর্টস একাডেমিতে। এবার পেয়েছেন ক্যাপ্টেন্সি। এই নেতৃত্বই তাকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে জাতীয় দলে খেলার।

জুনিয়র ঈষিতার বাড়ি খাগড়াছড়িতে। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলে আছেন। জাতীয় দলের হয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ও এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলতে ভুটান ও জর্দান গেছেন। তবে কোনো ম্যাচ খেলা হয়নি। তবে এবার লিগে নিয়মিত খেলেই জাতীয় দলের একাদশে জায়গা পেতে চান। জানান, লিগ খেলেই আমি জাতীয় দলে খেলার রাস্তা পোক্ত করতে চাই।

এ দিকে বড় দল হয়ে যাওয়া ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব মাঠে নামছে। মনিকা, মারিয়া, তহুরা শামসুন্নাহারদের ম্যাচ আজ রাত ৮টায়।