মোবাইলে রেডিও চালিয়ে নামাজে জানাজা আদায়

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

লাখো মানুষের ভিড়ে নামাজে জানাজার শেষ প্রান্তে পৌঁছেনি মাইকের আওয়াজ। উপায় না পেয়ে ছোটাছুটি করছিলেন হাজার হাজার মুসল্লি। তখন কেউ কেউ বুদ্ধি করে মোবাইলে রেডিও চালান। ওই সময় এফএম ব্যান্ডের কয়েকটি রেডিওতে নামাজে জানাজার লাইভ চলছিল। সেই লাইভের শব্দ শুনে নিজেরাই মুকাব্বির হয়ে হাজার হাজার মুসল্লি আদায় করেন খালেদা জিয়ার নামাজে জানাজার। গতকাল বুধবার এমন চিত্র দেখা যায় ফার্মগেট এলাকার আশপাশে।

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকে লাখ লাখ মানুষ জড়ো হতো থাকেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। দুপুরের দক্ষিণ প্লাজা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর মানিক মিয়া এভিনিউ হয়ে আশপাশের রাস্তা অলিগলি পরিপূর্ণ হতে থাকে। যে পর্যন্ত মাইকের ব্যবস্থা করা হয় তার থেকে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে যায় মুসল্লিদের উপস্থিতি; যে কারণে মাইকের আওয়াজ তাদের পর্যন্ত পৌঁছায়নি। এ দিকে জানাজা শেষ হয়ে যায় কি না তা ভেবে ছটফট করতে থাকেন মুসল্লিরা। এমন অবস্থায় ফার্মগেট মেট্রোরেলের পাশে একজন আলেম যুবক তার বাটন মোবাইল ফোন সেটে রেডিও চালু করেন। ওই রেডিওতে জানাজার লাইভ প্রচার করা হচ্ছিল। তখনই ওই যুবক চিৎকার দিয়ে বলেন, ‘নামাজে জানাজা শুরু হচ্ছে, আপনারা প্রস্তুত হন। রেডিওতে শুনে আমি তাকবির দেবো। আমার তাকবির যারা শুনবেন তারাও তাকবির দিয়ে অপরকে শোনার ব্যবস্থা করে দেবেন। তার এ কথা শুনে সাথে সাথে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান হাজার হাজার মুসল্লি। এরপর রেডিওর লাইভ শুনে জানাজা আদায় করে নেন তারা।