বেলারুশে রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন

Printed Edition

আলজাজিরা, রয়টার্স ও এএফপি

বেলারুশে ভয়ঙ্কর ওরেশনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনীর ওরেশনিক ক্ষেপণাস্ত্র বিভাগ দেশের নির্দিষ্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে কমব্যাট ডিউটি শুরু করেছে।

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন একসময় এ ক্ষেপণাস্ত্র সম্পর্কে বলেছিলেন, এটি শব্দের চেয়ে দশগুণ বেশি গতিসম্পন্ন এবং একে প্রতিহত করার মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এখনো তৈরি হয়নি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বেলারুশে মোতায়েনের পর পুরো ইউরোপ এখন এই ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে। কারণ মধ্যমপাল্লার এ ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ পাঁচ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে বেলারুশ থেকে ইউরোপের যেকোনো লক্ষ্যবস্তুতে তো বটেই, এমনকি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও আঘাত হানতে পারবে ওরেশনিক। রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে অরণ্যপথের ভেতর দিয়ে একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটি ঢাকা আছে সবুজ রঙের জাল দিয়ে। বেলারুশের ঠিক কোথায় এ ক্ষেপণাস্ত্রটি মোতায়েন করা হয়েছে, তা জানায়নি রুশ ও বেলারুশ সেনাবাহিনী।

পশ্চিমা রাজনীতি বিশ্লেষকদের একাংশের মতে, সম্প্রতি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কয়েকজন সদস্য এমন কিছু ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে, যেগুলো রাশিয়ার একদম ভেতরে আঘাত হানতে সক্ষম। এমন তথ্য পাওয়ার পরই বেলারুশে ওরেশনিক মোতায়েনের সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে রাশিয়া।