গত বছরে একঝাঁক তারকার বিদায়
সালতামামি ২০২৫
Printed Edition
আবুল কালাম
বিদায়ী বছর ২৫ সালে বিনোদন অঙ্গনে বিদায় নিয়েছেন একঝাঁক তারকা। যাদের মধ্যে রয়েছেন- বরেণ্য সঙ্গীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী, লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন, চিত্র নায়িকা অঞ্জনা রহমান, শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র, সংস্কৃতি ব্যক্তিত্ব সন্জীদা খাতুন, তানিন সুবহা, অভিনেত্রী গুলশান আরা আহমেদ, খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা, সঙ্গীতশিল্পী জীনাত রেহানা, ব্যান্ড শিল্পী ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দপ্রকৌশলী এ কে রাতুল, অভিনেত্রী জাহানারা ভূঁইয়া, চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম, নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার ও সঙ্গীতশিল্পী জেনস সুমন।
বরেণ্য সঙ্গীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী ১০ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান। ৮৭ বছর বয়সী এই গুণী শিল্পী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। দীর্ঘ ৫০ বছর ধরে লোকসঙ্গীত নিয়ে গবেষণা করেছেন তিনি। তিনি ২৫টির বেশি দেশে ভাটিয়ালি, ভাওয়াইয়া, নজরুলগীতি পরিবেশন করে বাংলাদেশের সঙ্গীতকে পৌঁছে দিয়েছেন বিশ্বদরবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও এমএ ডিগ্রি অর্জনের পর হার্ভার্ড গ্রুপ থেকে মার্কেটিং বিষয়ে উচ্চশিক্ষা নেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ বেশ কিছু প্রতিষ্ঠানের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার স্ত্রী আসমা আব্বাসী একজন প্রথিতযশা শিক্ষক ও লেখিকা।
লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন ১৩ সেপ্টেম্বর মারা যান। দীর্ঘ দিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। ক্যারিয়ারের শুরুতে দেশাত্মবোধক গান গাইলেও তার পরিচয় গড়ে ওঠে লালনকন্যা হিসেবে। তার কণ্ঠে ‘মিলন হবে কত দিনে’, ‘অচিন পাখি’ গানগুলো আজও বাঙালির চেতনার অংশ হয়ে আছে। লালনগীতিকে বিশ্বদরবারে পৌঁছে দিতে তার ভূমিকা ছিল অনস্বীকার্য।
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র ৫ জানুয়ারি রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বেশ কয়েকটি শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৯৬৯ সালে মরহুম এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
তিন সপ্তাহ ধরে অসুস্থ থাকার পর এ বছরের ৪ জানুয়ারি মারা যান চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা রহমান। নৃত্যশিল্পী থেকে হয়েছেন চিত্রনায়িকা। অভিনয় করেছেন যৌথ প্রযোজনারসহ বিদেশী ভাষার সিনেমায়ও। বাংলাদেশ ছাড়াও তিনি অভিনয় করেছেন ৯টি দেশের ১৩টি ভাষার সিনেমায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক ও বাচসাস পুরস্কার পেয়েছেন কয়েকবার।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুন ২৫ মার্চ ৯১ বছর বয়সে মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস, নিউমোনিয়া এবং কিডনি রোগে ভুগছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন তিনি। তিনি ছিলেন একাধারে শিক্ষক, গবেষক, শিল্পী, সঙ্গীতজ্ঞ, সংগঠক ও সক্রিয় সাংস্কৃতিক নেত্রী। ছিলেন ছায়ানট ও রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি।
দীর্ঘ দিন অসুস্থ থাকার অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা যান চলতি বছরের ১৫ এপ্রিল। হঠাৎ হার্ট অ্যাটাক করলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। এরপর লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গত বছরের ২৯ মে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্যান্সারে আক্রান্ত চলচ্চিত্রের খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা। বহু চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। সাঙ্কু পাঞ্জার গ্রামের বাড়ি চাঁদপুরে। তার দুই মেয়ে রয়েছে।
অভিনেত্রী তানিন সুবহা ১০ জুন ইন্তেকাল করেন। ২ জুন বুকে ব্যথা নিয়ে বনশ্রীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশের প্রেক্ষাপটে কালজয়ী গান হিসেবে বিবেচিত ‘সাগরের তীর থেকে’, এই গানের শিল্পী জীনাত রেহানা এ বছরের ২ জুলাই মারা যান। জীনাত রেহানা ১৯৬৪ সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন। তিনি ছিলেন মরহুম টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দের সহধর্মিণী।
রক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দপ্রকৌশলী এ কে রাতুল এ বছরের ২৭ জুলাই মারা যান। এ দিন ঢাকার উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রাতুল মরহুম চিত্রনায়ক জসীমের মেজো ছেলে। দুই ভাইয়ের মধ্যে এ কে রাহুল সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত। তিনি ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সাথে ছিলেন। আরেক ভাই এ কে সামী একজন ড্রামার।
দীর্ঘ দিন রোগে ভোগার পর মারা যান চলচ্চিত্র অভিনেত্রী জাহানারা। ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। আশির দশকে ‘সৎমা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চরিত্রাভিনেত্রী হিসেবে পরিচিতি পান।
৮১ বছর বয়সে মারা যান চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার। ২৭ নভেম্বর রাতে তিনি ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফিডব্যাক ব্যান্ডের এই প্রতিষ্ঠাতা সদস্য। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুর মাসখানেক আগে সেলিম হায়দার প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন।
২৮ নভেম্বর রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান জেনস সুমন। ‘একটি চাদর হবে’ এই একটি গানই তাকে দেশের ঘরে ঘরে পরিচিত করে তোলে। ‘একটা চাদর হবে’ গানটি গেয়ে রাতারাতি আলোচনায় আসেন জেনস সুমন।