মেয়েকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন কিম

Printed Edition

আলজাজিরা

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার মেয়ে কিম জু এ-কে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন। সংস্থাটি বলছে, কিশোরী জু এ এখন সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি। সিউলের জাতীয় গোয়েন্দা সংস্থা বৃহস্পতিবার সংসদ সদস্যদের এক বৈঠকে এ তথ্য জানায়। পরে দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ পার্ক সন-উন ও লি সিয়ং-গওন সংবাদমাধ্যমকে বিষয়টি জানান।

লি বলেন, কিম জু এ নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন, যেমন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান ও কুমসুসান প্যালেস অব দ্য সান সফর। এমনকি কিছু নীতিগত বিষয়ে মতামতও দিচ্ছেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, তিনি এখন উত্তরসূরি নির্বাচনের পর্যায়ে প্রবেশ করেছেন। কুমসুসান প্যালেস অব দ্য সান উত্তর কোরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এখানে কিম ইল সুং ও কিম জং ইল-এর লাশ সংরক্ষিত রয়েছে। তারা যথাক্রমে কিম জং উনের দাদা ও বাবা।

ইয়নহাপ জানিয়েছে, যদি জু এ এ মাসে অনুষ্ঠিত শাসক ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে অংশ নেন বা কোনো পদ পান, তবে তার উত্তরসূরি হওয়ার জল্পনা আরও জোরালো হবে। কিম জু এ সম্পর্কে খুব কম তথ্য জানা যায়। ধারণা করা হয়, তিনি এখনো কিশোরী বয়সে আছেন। তার প্রথম প্রকাশ্য উপস্থিতি ছিল ২০২২ সালে উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায়। এরপর থেকে তিনি বাবার সাথে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। গত জানুয়ারিতে তিনি বড় ক্যালিবারের বহু রকেট নিক্ষেপ ব্যবস্থা পরীক্ষায় বাবার সাথে উপস্থিত ছিলেন। গত সেপ্টেম্বরে তিনি বাবার সাথে সাঁজোয়া ট্রেনে বেইজিং যান দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে। সেখানে তিনি চীন ও রাশিয়ার নেতাদের সাথে দেখা করেন। সিউলের গোয়েন্দা সংস্থা আরো জানিয়েছে, কিম বর্তমানে একটি বড় সাবমেরিন তৈরির নির্দেশ দিচ্ছেন। এতে ১০টি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা থাকতে পারে এবং এটি পারমাণবিক রিঅ্যাক্টর দ্বারা চালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।