নির্বাচনে সন্তুষ্ট ইসি আজ দেশব্যাপী দোয়ার আহ্বান
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
একই সাথে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। গতকাল নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো: রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সহযোগিতা প্রদান করেছে, সে জন্য কমিশন কৃতজ্ঞ। এ ছাড়া নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, দেশী-বিদেশী পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোটারসহ দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। এতে আরো বলা হয়, বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল শুক্রবার (আজ) বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ইসি। এ ছাড়া অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্যও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আইনশৃঙ্খলার স্থিতিশীলতায় কমিশন সন্তোষ প্রকাশ করেছে।