চকরিয়ায় রমজানের শুরুতেই নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী
Printed Edition
রফিক আহমদ চকরিয়া (কক্সবাজার)
রমজানের শুরুতেই চকরিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়ছে। বাজার মনিটরিং দুর্বল থাকায় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ইচ্ছামতো মূল্য বৃদ্ধি করছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
বাজারে পণ্যের কোনো দৃশ্যমান সঙ্কট না থাকলেও অতিরিক্ত মুনাফার আশায় কাঁচামরিচ, শসা, রসুন, ব্রয়লার মুরগি, লেবু, গরু ও ছাগলের গোশত, বিভিন্ন শাকসবজি, দুধ-দই এবং সামুদ্রিক মাছের দাম বেড়েছে। কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও অধিকাংশ নিত্যপণ্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে। চকরিয়া পৌরসভার কাঁচাবাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে একটি প্রভাবশালী চক্র রমজানকে সামনে রেখে পণ্য মজুদ করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে। ফলে খুচরা বিক্রেতারাও বেশি দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। স্থানীয় ক্রেতাদের অভিযোগ, নি¤œ ও মধ্যবিত্ত রোজাদার পরিবারগুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। তারা বলেন, সিন্ডিকেটের কারণে দাম নিয়ন্ত্রণে আসছে না। প্রতিবাদ করলে ব্যবসায়ীদের চাপে অনেকেই মুখ খুলতে সাহস পান না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার জানান, নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। অতিরিক্ত মূল্য আদায় ও ওজনে কম দেয়ার অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে এবং মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও অব্যাহত থাকবে বলে তিনি জানান। ভোক্তাদের প্রত্যাশা, কার্যকর মনিটরিং ও কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা হবে।