গণভোটে জনগণকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে : মাওলানা আবদুল হালিম

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। জুলাইকে ধারণ করে চিরতরে ফ্যাসিবাদ নির্মূল করা হবে। এরই অনুপ্রেরণায় আসন্ন গণভোটে জনগণকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে। গতকাল জেলা জামায়াতের উদ্যোগে চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ও লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, শ্রমিক কল্যাণের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোছাঈন, লোহাগাড়া উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান প্রমুখ।

মাওলানা আব্দুল হালিম বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে আমাদের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জনগণকে এমপি পদের চেয়েও গণভোটকে গুরুত্ব দিয়ে উৎসাহিত করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদকে কার্যকর করতে হবে। কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করতে না পারে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে নির্বাচনকে সুষ্ঠু করতে নিজেকে উৎসর্গ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অপর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, সরকারের প্রচারণার পাশাপাশি মানুষকে সচেতন করতে গণভোটের লিফলেট বিতরণসহ নিয়মিত গণসংযোগ অব্যাহত রাখতে হবে। প্রতিকূল পরিবেশে জনগণকে যেভাবে উদ্বুদ্ধ করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন, ঠিক তেমনিভাবে নির্বাচনে জনগণের শক্তিকে বিজয়ী করতে সব জনশক্তিকে ময়দানে আরো পরিকল্পিত সময় ও শ্রম দিতে হবে।