হৃদয় জাকেররা ৩১১ রানে পিছিয়ে
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকা ‘এ’-র ৫১২ রানের বিশাল সংগ্রহের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২০১ রান করে কিছুটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ ‘এ’। অধিনায়ক তৌহিদ হৃদয় ৭৫ ও জাকের আলী ৪৭ রানে অপরাজিত আছেন। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে দ্বিতীয় দিনের খেলা শেষে এখনো ৩১১ রানে পিছিয়ে বাংলাদেশ ‘এ’ দল।
টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়া বাংলাদেশ ‘এ’ প্রথম দিনেই বড় চাপে পড়ে। দক্ষিণ আফ্রিকা ‘এ’-র ব্যাটারদের বড় সংগ্রহ গড়ার পথ রুখতে পারেনি বাংলাদেশের বোলাররা। ১১৫.১ ওভারে ৫১২ রানে অলআউট হয় স্বাগতিকরা। স্বাগতিকদের উইকেটকিপার-ব্যাটার সিনেথেম্বা কেশিলে ১২৮ রান করেন। গ্যাভিন কাপলানও সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থামেন ৯৭ রানে। এর আগে লেসেগো সেনোকওয়ানে ১১১ রান করেন। জুবায়ের হামজা করেন ৬৮ রান। নাঈম চারটি, হাসান মুরাদ তিনটি, রেজাউর রহমান রাজা দু’টি এবং মুশফিক হাসান একটি উইকেট নেন।
৫১২ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাহমুদুল হাসান জয় ৯ ও পারভেজ হোসেন ইমন ৫ রানে ফিরলে মাত্র ৩৭ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’। তৃতীয় উইকেটে মোহাম্মদ নাঈম (৩৪) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৮৬ রানে তৃতীয় উইকেট হারানোর পর অধিনায়ক তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন ধ্রুবর জুটিতে বাংলাদেশ ‘এ’ ১৩৫ রান পর্যন্ত এগোয়। দলীয় স্কোরে আর ৪১ রান যোগ হতেই ফিরেন আফিফ (২৯)। ৩৬.৫ ওভারে ১৩৫ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর আর কোনো বিপদ হতে দেননি হৃদয় ও জাকের। দিনের শেষভাগে দুজনের ব্যাটে বাংলাদেশ ‘এ’ ইনিংসের নিয়ন্ত্রণ কিছুটা ফিরে পায়। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে তারা যোগ করেছেন ৬৬ রান। দিন শেষে ৫৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২০১।
অধিনায়ক হৃদয় ১০৫ বল মোকাবেলা করে ৭১.৪২ স্ট্রাইক রেটে ১১টি চার ও একটি ছক্কায় ৭৫ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে জাকের আলী ৬৯ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৪৭ রানে অপরাজিত। দক্ষিণ আফ্রিকা ‘এ’-র কাইল সিমন্ডস দুটি, তশেপো মোরেকি ও ম্যাথু বোস্ট একটি করে উইকেট পেয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ১ম ইনিংস : ১১৫.১ ওভারে ৫১২ (কেশিলে ১২৮, কাপলান ৯৭, সিমন্ডস ৬৬, বোস্ট ১৯, সাইফ উদ্দিন ০/৭১, মুশফিক ১/৭৫, রেজাউর ২/৭৯, মুরাদ ২/১৪২, নাঈম হাসান ৪/১৩২, আফিফ ০/১১)।
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস : ৫৭ ওভারে ২০১/৪ (জয় ৯, নাঈম শেখ ৩৪, ইমন ৫, হৃদয় ৭৫*, আফিফ ২৯, জাকের ৪৭*; মোরেকি ১/২৪, বোস্ট ১/৩৪, সিমন্ডস ২/৭৯)।