চসিক ও সেনাবাহিনী চট্টগ্রামে

আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়বে : মেয়র শাহাদাত

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশন এবং সেনাবাহিনী মিলে চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়তে যাচ্ছে। এ ছাড়া কাজীর দেউরী শিশুপার্কটিও উন্মুক্ত হবে।

গত মঙ্গলবার টাইগারপাসের চসিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সপ্তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন।

সভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় চসিক মালিকানাধীন কালুরঘাট এফআইডিসি রোডের আট একর জায়গা ৯৯ বছরের জন্য লিজ প্রদানের বিনিময়ে চসিক দখলীয় দামপাড়ার আলমশাহ কাটগড় মৌজার ২.৮৬১২ একর জায়গা সেনাবাহিনী কর্তৃক চসিক বরাবর ৯৯ বছরের জন্য লিজ প্রদান করা এবং কাজীর দেউরী শিশুপার্কের তিন একর জায়গা শুধুমাত্র পার্ক হিসেবে ব্যবহারের জন্য ৩০ বছরের জন্য চসিক বরাবরে বরাদ্দের বিষয়টি অনুমোদন হয়।

এ সময় মেয়র বলেন, কাজীর দেউরী শিশুপার্ক উন্মুক্ত হবে এটা দীর্ঘদিন ধরে নগরবাসীর একটি স্বপ্ন ছিল। পার্কটি কোনো স্থাপনা ছাড়া সম্পূর্ণ সবুজ পার্ক হিসেবেই গড়ে তোলা হবে, যেখানে মানুষ হাঁটতে পারবে, শিশুদের জন্য বিনোদনের সুযোগ থাকবে। পার্ক মানে পার্কই থাকবে- এখানে কোনো বাণিজ্যিক কাঠামো নির্মাণ করা হবে না।

আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রসঙ্গে মেয়র বলেন, সেনাবাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে হাসপাতালগুলো নির্মাণ করেছে, সেগুলো মান ও ব্যবস্থাপনায় অত্যন্ত উন্নত। চট্টগ্রামে এমন একটি হাসপাতাল সময়ের দাবি।