জবির ক্যাফেটেরিয়ায় স্বাস্থ্যবিধির বেহাল দশা, উদ্বিগ্ন শিক্ষার্থীরা
Printed Edition
জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগ উঠেছে। সম্প্রতি ক্যাফেটেরিয়ার রান্নাঘরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। এতে ক্যাফেটেরিয়ার খাবারের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যমান নিয়েও প্রশ্ন উঠেছে।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ক্যাফেটেরিয়ার রান্নাঘরের মেঝেতে বড় পাত্রে খাবার প্রস্তুত করা হচ্ছে। একই স্থানে খাবার প্রস্তুতের কাজে ব্যবহৃত বাসনপত্রের ওপর কর্মীদের পা রেখে বসে থাকতে দেখা যায়। রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন খাদ্যসামগ্রীও মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এমন পরিবেশে খাবার প্রস্তুতের ছবি প্রকাশ্যে আসায় ক্যাফেটেরিয়ার খাবারের স্বাস্থ্যসম্মত প্রস্তুতপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ বলেন, বিষয়টি জানার পর তারা ক্যাফেটেরিয়ার পরিচালকের সাথে কথা বলেছেন। পরিচালক ঘটনাটিকে অত্যন্ত বিব্রতকর হিসেবে উল্লেখ করেছেন এবং পরদিন থেকে এ ধরনের পরিস্থিতি আর দেখা যাবে না বলে আশ্বস্ত করেছেন। খাবারের মান ও অন্যান্য সমস্যাগুলো সমাধানের বিষয়েও তিনি আশ্বাস দিয়েছেন।
নূর মোহাম্মদ বলেন, শিক্ষার্থীদের জন্য খাবারসাশ্রয়ী রাখতে গিয়ে খাবারের মান উন্নত করা দিন দিন কঠিন হয়ে উঠছে। তারপরও খাবারের মান উন্নয়নে তাদের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রাখবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রিফাত হাসান বলেন, ক্যাফেটেরিয়ার রান্নাঘরের ছবিটি তারা দেখেছেন। তবে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, নাকি এটি বাস্তব ছবি এবং ঘটনাটি সত্যিই ঘটেছে কি না, তা আগে তদন্ত করে দেখা হবে। ঘটনা সত্য প্রমাণিত হলে প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের খাদ্যের মান ও উন্নয়ন কমিটি রয়েছে। ওই কমিটির মাধ্যমেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। যেভাবে খাবার প্রস্তুত করার বিষয়টি ছবিতে দেখা গেছে, তা অত্যন্ত দুঃখজনক ও অস্বাস্থ্যকর বলেও মন্তব্য করেন তিনি।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসনাত হাবিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন যে খাবার গ্রহণ করছেন, সেটির মান ও প্রস্তুতপ্রক্রিয়া নিয়ে এমন প্রশ্ন ওঠা অত্যন্ত হতাশাজনক। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।
শিক্ষার্থীরা জানান, পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত এলাকার প্রতিকূল পরিবেশের মধ্যে তাদের নিয়মিত পড়াশোনা করতে হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়ায় খাবার প্রস্তুতের পরিবেশও যদি অস্বাস্থ্যকর হয়, তাহলে তা তাদের জন্য উদ্বেগের বিষয়। প্রতিদিনের খাবার নিয়ে এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।
শিক্ষার্থীদের দাবি, তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ক্যাফেটেরিয়ায় খাবার প্রস্তুত ও পরিবেশনের পরিবেশ দ্রুত স্বাস্থ্যসম্মত করতে হবে। পাশাপাশি নিয়মিত তদারকি নিশ্চিত করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।