উখিয়ার পাহাড়ে যৌথ অভিযানে এক হাজার রোহিঙ্গা আটক
Printed Edition
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে এক বিশাল যৌথ অভিযানে প্রায় এক হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরা অংশ নেন। আটক রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে পাহাড়ি এলাকায় স্থানীয়দের ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার মনজু বিন আফনান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল পালংখালী থেকে কুতুপালং পর্যন্ত প্রায় দুই হাজার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে স্থানীয়দের সহায়তায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করছেন। এরই প্রেক্ষিতে মরাগাছতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার জনকে আটক করা হয়েছে।’ বর্তমানে আটকদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলছে। প্রক্রিয়া শেষে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে এবং যারা অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আটক ব্যক্তিদের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। ইমাম হোসেন নামে এক বয়োজ্যেষ্ঠ রোহিঙ্গা জানান, ক্যাম্পের ভেতরে পর্যাপ্ত জায়গা না পেয়ে তারা বিষয়টি ক্যাম্প ইনচার্জকে (সিআইসি) জানিয়েছিলেন। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে মাসিক তিন হাজার টাকা ভাড়ায় স্থানীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেতারা বেগম নামে এক রোহিঙ্গা নারীও একই অভিযোগ করে বলেন, ক্যাম্পের ভেতরে জায়গা পেলে তারা টাকা খরচ করে বাইরে থাকতেন না।
স্থানীয় বাসিন্দা শাহেদা জানান, রোহিঙ্গারা থাকার জায়গা পাচ্ছিল না দেখে মানবিক কারণে তিনি তার বাড়িতে ভাড়া দিয়েছিলেন। তবে আজ যৌথ বাহিনী এসে তাদের নিয়ে গেছে। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই অভিযান জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।