যাত্রাপথে বমি

Printed Edition
nira-2
যাত্রাপথে বমি

নিরাময় ডেস্ক

যাত্রাপথে অনেকেরই বমি বা বমি বমি ভাব হয়। বাস, গাড়ি, নৌকা বা বিমানে ভ্রমণের সময় এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানে মোশন সিকনেস বলা হয়। এটি সাধারণত প্রাণঘাতী নয়, তবে ভ্রমণকে অস্বস্তিকর করে তোলে।

কেন যাত্রাপথে বমি হয়?

যখন শরীরের ভেতরের ভারসাম্য রক্ষাকারী অংশ (কানের ভেস্টিবুলার সিস্টেম) এবং চোখের দেখা দৃশ্যের মধ্যে অসামঞ্জস্য তৈরি হয়, তখন মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়ে। এর ফলেই বমি বমি ভাব, মাথা ঘোরা বা বমি হতে পারে।

সাধারণ লক্ষণ

বমি বমি ভাব

মাথা ঘোরা

অতিরিক্ত ঘাম হওয়া

দুর্বলতা অনুভব করা

বমি হওয়া

মোশন সিকনেস প্রতিরোধে করণীয়

যাদের এই সমস্যা আছে তারা চেষ্টা করবেন যেদিকে গাড়ি চলে তার উল্টো দিকের সিটে না বসতে। কারণ, উল্টো দিকে বসলে বমিভাব বেশি হতে পারে।

চেষ্টা করবেন গাড়ির সামনের দিকে বসার। কারণ, পেছনে বসলে গাড়িকে বেশি গতিশীল মনে হয়, যার ফলে দ্রুত ভারসাম্য নষ্ট হয় এবং মোশন সিকনেস দেখা যায়।

চেষ্টা করবেন জানালার পাশে বসার এবং জানালা খোলা রাখার। এসি পরিবহন হলে এক্ষেত্রে অবশ্য কিছু করার নেই। আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকার চেষ্টা করুন, এতে মোশন সিকনেস হওয়ার আশঙ্কা কম থাকে।

বমি করার কথা চিন্তা করবেন না, এতে বমির ট্রিগার হতে পারে। আপনার সাথে কেউ সহযাত্রী থাকলে গল্প করুন, কথা বলুন। তবে খেয়াল রাখবেন অবশ্যই যাত্রাপথে কারো দেয়া কোনো খাবার খাবেন না। এতে বিপদ হতে পারে এবং আপনার যাত্রা অনিরাপদ হয়ে যেতে পারে।

চোখ বন্ধ রাখতে পারেন কিংবা ঘুমিয়ে যেতে পারেন। যাত্রার আগের দিন ঠিকমতো ঘুম হওয়াও জরুরি। অনেক সময় ঠিকভাবে ঘুম না হওয়ার কারণে মাথাব্যথা ও বমি হতে পারে।

গাড়িতে ওঠার আগে হালকা কিছু নাস্তা খেতে পারেন। কখনোই খালি পেটে ভ্রমণ করবেন না। ভ্রমণের আগে বেশি খাবার খাবেন না। যাত্রাপথে যত কম খাবেন, তত ভালো।

বমি ভাব দূর করার জন্য আদা, লেবু, দারুচিনি, লবঙ্গ, তেঁতুল চাটনি, আচার, কমলা বা টক জাতীয় যেকোনো ফল সাথে রাখতে পারেন। লেবু পাতাও সাথে রাখা যেতে পারে। এর সুঘ্রাণ বমি ভাব দূর করে। চুইংগাম, লজেন্স খেতে পারেন। এতে বমি ভাব হবে না।

জেনে নিন

বমি রোধে কিছু সাধারণ ওষুধ সাথে রাখতে পারেন। বাজারে জয়ট্রিপ নামের এক ধরনের ওষুধ পাওয়া যায়। অথবা অনডেনসেট্রন জাতীয় ওষুধ গাড়িতে ওঠার আগে এবং খাবার আগে খেয়ে নিতে পারেন। ডমপেরিডন জাতীয় ওষুধও খাওয়া যেতে পারে, তবে এসব ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত বা অযথা বমির ট্যাবলেট খেলে বিপদ এবং স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থাকে। যারা মোশন সিকনেস নিয়ে খুব বেশি সমস্যায় আছেন এবং বারবার এরকম সমস্যা হচ্ছে, তাদের উচিত চিকিৎসকের পরামর্শ নিয়ে দূরের পথে যাত্রা করা এবং চিকিৎসার মধ্যে থেকে এই সমস্যা ধীরে ধীরে কাটিয়ে ওঠা। যাত্রা পথে খোলা খাবার গ্রহণ করবেন না।