চিত্রনায়ক জাভেদ মারা গেছেন

Printed Edition

বিনোদন প্রতিবেদক

কিংবদন্তি চিত্রনায়ক চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ক্যানসারে ভুগছিলেন।

তার স্ত্রী এক সময়ের চিত্র নায়িকা ডলি চৌধুরী বলেন, দীর্ঘ দিন তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে বাসায় রেখে তার চিকিৎসাসেবা চালিয়ে নেয়া হচ্ছিল। হাসপাতাল থেকে চিকিৎসক ও দু’জন নার্স এসে বেশ কিছু দিন ধরে তার চিকিৎসা করছিলেন।

সকালে নার্সরা এসে জানান, তার সারা শরীর ঠাণ্ডা। এরপর অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদের লাশ গতকাল শেষবারের মতো তার দীর্ঘ দিনের কর্মস্থল বিএফডিসিতে নেয়া হয়। এখানে বাদ আসর তার নামাজে জানাজা শেষে উত্তরার ১২ নম্বর সেক্টর বড় মসজিদের পাশের কবরস্তানে তাকে দাফন করা হয়েছে।

তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরে নায়ক হিসেবে প্রধান চরিত্রে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি তার অনেক কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।

জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে (পাকিস্তান) জন্মগ্রহণ করেন। পরে তিনি স্বপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। তিনি ১৯৮৪ সালে ডলি চৌধুরীকে বিয়ে করেন।

তার অভিনীত আলোচিত ছবির তালিকায় রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ ইত্যাদি।