জাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা নৌ উপদেষ্টার

বাসস
Printed Edition
3rd-2
উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের সাথে আবুধাবি পোর্টস গ্রুপের (এডিপিজি) সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন : পিআইডি

এম টি বাংলার জ্যোতি ও এম টি বাংলার সৌরভ জাহাজে সংঘটিত দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি গতকাল রাজধানীর বিএসসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে জাহাজ দু’টির অগ্নি-দুর্ঘটনায় নিহত ক্যাডেট ও নাবিকদের প্রতি পরিবারকে ত্রিশ লাখ টাকা করে চারটি পরিবারের হাতে মোট এক কোটি বিশ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এ সময় উপদেষ্টা নিহত নাবিক ও ক্যাডেটদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

চেক প্রদানকালে উপদেষ্টা অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানিয়ে বলেন, সরকার সব সময় তাদের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের উপর্যুক্ত সদস্যদের কর্মসংস্থান ও পড়ালেখার বিষয়েও বিএসসি সহযোগিতা করছে। এ ছাড়া এই আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বিএসসি মেরিন কমিউনিটির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে সমর্থ হয়েছে।

বিএসসিকে সরকারের একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক সংস্থা হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিএসসি মেরিটাইম সেক্টরের উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিপিং সেবা প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটির কার্যক্রম আরো বিস্তৃত ও লাভজনক করতে দুটি এলএনজি জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ শিপিং করপোরেশনের এম টি বাংলার জ্যোতি জাহাজ ডলফিন জেটিতে অবস্থানকালে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় অত্র করপোরেশনের ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, হাইলি স্কিল্ড অটোমেকানিক মো: নুরুল ইসলাম ও দৈনিকভিত্তিক ফিটার হারুন অর রশিদ নিহত হন।

এ ছাড়া গত ৫ অক্টোবর এম টি বাংলার সৌরভ জাহাজের অগ্নি দুর্ঘটনায় মো: সাদিক মিয়া আহত হন এবং চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহতদের মরদেহ বিএসসির প্রাঙ্গণে আনার পর, পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তাৎক্ষণিকভাবে বিএসসির পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে পঞ্চাশ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনে যথাযথ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।