কুয়েটের নির্যাতিত ছাত্র জাহিদের অবস্থান কর্মসূচি শুরু
Printed Edition
খুলনা ব্যুরো
ছাত্রলীগের নির্যাতনের সাথে জড়িত শিক্ষক ও কর্মকর্তাদের বিচারের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থী জাহিদুর রহমান। গতকাল দুপুরের পর থেকে তিনি এ কর্মসূচি শুরু করেন।
জাহিদুর রহমান কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। নিজের ওপর সংঘটিত শারীরিক ও মানসিক নির্যাতন, পরিবর্তিত অবস্থায়ও প্রশাসনিক অবহেলা এবং অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছেন তিনি।
২০২২ সালের ১১ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার অভিযোগ তুলে জাহিদুর রহমানের ওপর পাঁচ ঘণ্টা নির্যাতন চালায় ছাত্রলীগের ক্যাডাররা। তারপর তাকে একটি বানোয়াট মামলায় ৫২ দিন কারাভোগ করতে হয়। জাহিদুর রহমান বুধবার সংবাদ সম্মেলনে জানান, ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে ফিরে নিজের সাথে হওয়া অন্যায়ের বিচার চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর কুয়েট প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ছাত্র শৃঙ্খলা কমিটি ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, যার মধ্যে ১০ জনের ছাত্রত্ব বাতিল করা হয়। তবে মূল অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দেশবাসী ও সহপাঠীদের নৈতিক সমর্থন কামনা করেন।