৩০ পেরিয়ে ৫০১ রোনালদোর
Printed Edition
ক্রীড়া ডেস্ক
সৌদি প্রো লিগে আবার টেবিলের শীর্ষে ফিরেছে আল নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া, কিংসলে কোমেন ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে আল হাজেমকে গত পরশু ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে শীর্ষেস্থান পুনরুদ্ধার করেছে দলটি। একই দিন আল ইত্তিহাদের বিপক্ষে আল হিলালের ড্রয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে তালিকায় শীর্ষে ফিরল আল নাসর।
জোড়া গোল করে হাজার গোলের মাইফলকে পৌঁছার পথে আরো একটি অবিস্মরণীয় মাইফলকে নাম লিখিয়েছেন পর্তুগালের অধিনায়ক। দুই অর্ধের দুই গোলের প্রথমটিই ছিল মাইলফলক গোল। বয়স ৩০ পেরিয়ে এটি ছিল তার ৫০০তম গোল। আর এই বয়সে ৫০০ গোল করা একমাত্র ফুটবলার হিসেবে এই কীর্তিতে নাম লিখিয়েছেন। পরে দ্বিতীয় গোলটির মধ্য দিয়ে সেই সংখ্যাকে নিয়ে যান ৫০১-এ। আর সব মিলে ক্যারিয়ারে ৯৬৪টি গোল হলো রোনালদোর। ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ৩৬ গোল প্রয়োজন আল নাসর অধিনায়কের। আর আল হাজেমকে হারিয়ে ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল আল নাসর। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আল হিলাল।