কুলাউড়ায় মখছদ হত্যা মামলা
৪ আসামির যাবজ্জীবন : ৪ জন বেকসুর খালাস
Printed Edition
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের কৃষক মখছদ মিয়া হত্যার ২৩ বছর পর চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম শামসাদ বেগম গত সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন। রায়ে হত্যামামলার আসামি আ: লতিফ, আব্দুল মোতালেব, আব্দুল মনাফ ও জমির আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। চার আসামির মধ্যে আব্দুল মোতালেব বাহরাইন রাষ্ট্রে পলাতক আছেন। বাকি তিনজনকে রায়ের পরে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার অন্য চারজন আসামি আতিক, হাসিব, আকলু ও সুন্দরী বেগমকে বেখসুর খালাস দেয়া হয়। এর মধ্যে একজন আসামি তাহির মিয়া মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়। রায়ের বিষয়ে মখছদ হত্যা মামলার আইনজীবী শেখ হাবিবুর রহমান জানান, দীর্ঘ ২৩ বছর পর মামলায় আসামিদের শাস্তি হওয়ায় আমরা আদালতের রায়ে সন্তুষ্ট। তবে মামলার বাদি নিহত মখছদ মিয়ার ছেলে মো: মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, আমার বাবা এলাকার সমাজসেবক ও বিএনপির নিবেদিতকর্মী ছিলেন। কিন্তু সন্ত্রাসীরা আমার বাবাকে হত্যা করে ২০-২১ টি বছর দলীয় পেশিশক্তির প্রভাব খাটিয়ে মামলার কার্ক্রমকে বিলম্বিত করেছে। ২৩ বছরে আমার বাবার দুই একর জায়গা খুনিরা জবর দখল করেছে। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি আমাদের জায়গা ফেরত চাই এবং আমি আমার বাড়িতে যেতে সরকারের কাছে নিরাপত্তা চাই। রায়ে তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, ২০০৪ সালের ১২ নভেম্বর টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে নিজ বাড়িতে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মখছদ মিয়াকে (৫৫) দিন-দুপুরে হত্যা করে।