ঢাকা -১৫ : ধানের শীষের প্রার্থীকে বুকে জড়ালেন জামায়াতের আমির
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সকাল সাড়ে ১০টা। ঢাকা-১৫ আসনের আওতাধীন মিরপুরের কাজীপাড়াস্থ মনিপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। তিনি ওই আসনে জামায়াতে ইসলামের প্রার্থীও। কিছু সময়ের মধ্যে সেখানে উপস্থিত হন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিলটন। দু’জনের মুখোমুখি দেখা হওয়ার সাথে মিলটনকে বুকে জড়িয়ে নেন ডা: শফিকুর রহমান। এরপর দু’জনেই কুশলবিনিময় করে আলাদাভাবে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। তাদের বুকে জড়ানোর দৃশ্য দেখে উপস্থিত ভোটারদের অনেকেই বলেন, ‘এই সম্প্রীতি দেখার জন্য ১৬ বছর অপেক্ষা করতে হয়েছে।
এর আগে সকাল ৮টার দিকে মনিপুর উচ্চবিদ্যালয় বালক শাখায় ভোট প্রদান করেন ডা: শফিকুর রহমান। ভোটকেন্দ্রে তার সাথে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। এর আগে নিজের ফেসবুক পেজে ভোটারদের নির্ভয়ে ও সতর্কভাবে ভোট দিতে আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
ফেসবুক পোস্টে ডা: শফিকুর রহমান বলেন, এক নতুন ভোরের, নতুন বাংলাদেশের প্রতীক্ষায় একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আমরা। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আজ সেই দিন যখন মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সাথে নিয়ে আমরা জাতির এক নতুন অধ্যায় গড়ার মিছিলে শামিল হয়েছি। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমার প্রিয় দেশবাসী, ভয়হীনভাবে ভোট দিন সব ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে আপনার পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন। একই সাথে তিনি ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে সতর্ক থাকারও আহ্বান জানান। তার ভাষ্য অনুযায়ী, ভোটদান থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত যেকোনো ধরনের কারচুপি, অনিয়ম ও ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন। মনে রাখবেন, আজকের এই ভোট শুধু একটি ব্যক্তিগত অধিকার নয়; বরং শহীদদের রক্তে রঞ্জিত এমন এক আমানত যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার চাবি। আপনারা অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সাথে ভোটকেন্দ্রে যান এবং নিজের পবিত্র আমানত রক্ষা করুন। তিনি ভোটারদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং ভোটাধিকারকে ‘পবিত্র আমানত’ হিসেবে উল্লেখ করেন। পোস্টে আরো উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাসক হিসেবে নয়, বরং জাতির সেবক হিসেবে দায়িত্ব পালন করবে। এর আগে সকালে মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে জামায়াতের একজন নারী পোলিং এজেন্টের উপর হামলা চালায় বিএনপি সমর্থিতরা। খবর পেয়ে ছুটে আসে সেনাবাহিনীর সদস্যরা। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তারা।