জ্বালানি সঙ্কট সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি মামুনুল হকের
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জনগণের জীবনযাত্রা যখন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সঙ্কটে বিপর্যস্ত, তখন শুধু বিভিন্ন কার্ড দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সঙ্কট মেটানো যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। শুক্রবার যাত্রাবাড়ীর দনিয়া কলেজ প্রাঙ্গণে বিকেএম ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী জোন আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, সরকার ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ডের কথা বলছে, কিন্তু জনগণ কেবল প্রতিশ্রুতি নয়; বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ চায়। মৌলিক সমস্যার সমাধান না করে স্রেফ কার্ডের প্রচার চালানো কখনোই গণতন্ত্র ও জনসেবার বিকল্প হতে পারে না।
রাজনৈতিক ও সাংবিধানিক প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, একই দিনে অনুষ্ঠিত নির্বাচনে জনগণ সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে যে রায় দিয়েছে, তার প্রতি সম্মান দেখানো সরকারের দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া উচিত নয়। অতীতে ভোটাধিকার উপেক্ষা করার পরিণতি থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান তিনি।
জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতার ভারসাম্যসহ কাঠামোগত সংস্কার জরুরি। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় গণরায় মেনে নেয়ার জোর তাগিদ দেন তিনি। ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে মামুনুল হক বলেন, পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক হতে হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আসামিদের ফিরিয়ে এনে প্রচলিত আইনে বিচার করার অধিকার দেশের রয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি আনিসুর রহমান কাসেমীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ আমিনীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।