তেজগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা মেয়েসহ নিহত ৩
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। গতকার বুধবার ভোরে এ সব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বধলার জটিয়াবো গ্রামের অন্ধ রফিকুল ইসলাম (৪৫) ও তার ১২ বছর বয়সী মেয়ে তানজিলা। এই ঘটনায় রফিকুলের ছেলে নুর ইসলাম (১৪) গুরুতর আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। তার দুই সন্তান স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় বসবাসকারী এই পরিবারটি মঙ্গলবার রাত ৩টার দিকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে মহাখালী বাস টার্মিনালে যাচ্ছিলেন। পথে তেজগাঁও সাত রাস্তা এলাকায় একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক গতকাল ভোরে রফিকুল ও তানজিলাকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এদিকে একই রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে বুধবার ভোরে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।