নির্বাচনী ইশতেহারে পুঁজিবাজার সংস্কার পরিকল্পনা রাখায় জামায়াতে ইসলামীকে ডিবিএ-এর ধন্যবাদ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত নির্বাচনী ইশতেহারে পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছে দেশের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। ইশতেহারে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের পাশাপাশি পুঁজিবাজারকে একটি স্বতন্ত্র ও অগ্রাধিকারপ্রাপ্ত অর্থনৈতিক খাত হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে শেয়ারবাজারে সব ধরনের অনিয়ম ও কারসাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিনিয়োগকারীদের আস্থাহীনতা দূর করে বাজারকে গতিশীল ও কার্যকর করা এবং শেয়ারবাজার সংশ্লিষ্ট কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

গতকাল এক প্রতিক্রিয়ায় ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি দলের আমির ডা: শফিকুর রহমানসহ শীর্ষ নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাইফুল ইসলাম বলেন, ‘অতীতে অধিকাংশ রাজনৈতিক দল পুঁজিবাজারকে যথাযথ গুরুত্ব দেয়নি। অথচ পুঁজিবাজার একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে ডিবিএ সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক, সভা-সেমিনারের মাধ্যমে পুঁজিবাজারকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবে স্বীকৃতি দেয়া এবং নীতিগত সহায়তা প্রদানের দাবি জানিয়ে আসছে। ডিবিএর প্রেসিডেন্টের মতে, এই প্রথম কোনো রাজনৈতিক দল পুঁজিবাজারকে বিশেষ গুরুত্ব দিয়ে তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে এবং এ খাতের সংস্কার ও উন্নয়ন নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করেছে। ‘জামায়াতে ইসলামীর ইশতেহারে পুঁজিবাজার অন্তর্ভুক্তির মাধ্যমে ডিবিএর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে,’ বলেন তিনি।