চট্টগ্রামে সিনেপ্লেক্সের শৌচাগারে গোপনে নারীর ভিডিও ধারণ পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের নাসিরাবাদের ফিনলে স্কয়ারের একটি সিনেপ্লেক্সের শৌচাগারে গোপনে এক নারীর ভিডিও ধারণের অভিযোগে জিতু পাল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

গ্রেফতার জিতু পাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা। তিনি গত সাত-আট মাস ধরে ওই সিনেপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন। শুক্রবার রাতে সিনেমা চলাকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সাথে ফিনলে স্কয়ারের সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যান এক নারী। প্রদর্শনী চলার সময় তিনি শৌচাগারে প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন, বাইরে থেকে কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে তার ভিডিও ধারণ করা হচ্ছে। ওই নারী তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন জিতু পালকে হাতেনাতে ধরে ফেলেন এবং চিৎকার শুরু করেন। পরে আশপাশে থাকা দর্শনার্থী ও সিনেপ্লেক্সের নিরাপত্তাকর্মীরা জিতুর ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে ওই নারীর ভিডিও পাওয়া যায়। একই সাথে ফোনটিতে বিভিন্ন সময়ে গোপনে ধারণ করা আরো কয়েকজন নারীর ভিডিও ফুটেজও পাওয়া যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার যুবককে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

তার মোবাইল ফোনে পাওয়া ভিডিওগুলো যাচাই-বাছাইসহ ঘটনাটি তদন্ত করা হচ্ছে।