উটাহতে গির্জার বাইরে গুলিবর্ষণ : নিহত ২, আহত ৮

Printed Edition

আনাদোলু এজেন্সি

যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যে একটি গির্জার বাইরে শেষকৃত্যের অনুষ্ঠানে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় বুধবার নর্থ রেডউড রোডে অবস্থিত দ্য চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টসের বাইরে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। হামলার কারণ ও দায়ীদের খুঁজে বের করতে তদন্ত চলছে। এ ঘটনাকে স্থানীয়রা সম্প্র্রদায়ের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন।

ফক্স নিউজের খবর অনুযায়ী, হামলার পর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহত ব্যক্তিদের একটি ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হামলার পর কর্তৃপক্ষ রেডউড রোড থেকে জর্ডান নদী পর্যন্ত এলাকায় তল্লাশি শুরু করছে। সেই সাথে গির্জার কাছে রেডউড রোড বন্ধ রয়েছে এবং কর্মকর্তারা জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। এফবিআই সল্ট লেক সিটি মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স-এ এক বিবৃতিতে বলেছে, তারা ‘সল্ট লেক সিটির ঘটনা সম্পর্কে অবগত এবং আইন প্রয়োগকারী জড়িতদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে।