ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার
বিরোধীদলীয় নেতার প্রস্তাবে সময় বাঁচলো সংসদের
Printed Edition
সংসদ প্রতিবেদক
বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমানের প্রস্তাবে সময় বাঁচলো জাতীয় সংসদের। বিভিন্ন মন্ত্রণালয়ের আগামী অর্থবছরের পরিচালন ও উন্নয়ন ব্যয় মঞ্জুর করা নিয়ে বিরোধী দলের দেয়া প্রথম ৩৩টি ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে বাদ হয়ে যাওয়ায় তিনি বাকিগুলোও একবারে প্যাকেজ আকারে প্রত্যাহার করে নেয়ায় এ সময় সাশ্রয় হয়। এ ঘটনায় স্পিকার বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান।
গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৯তম দিনে বেলা ১১টা থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের আগামী অর্থবছরের পরিচালন ও উন্নয়ন ব্যয় মঞ্জুর করা নিয়ে আলোচনা শুরু হয়। মন্ত্রীদের মোট ৫৯টি দাবি নিয়ে আলোচনা তালিকায় রাখা হয়। এগুলোতে মোট এক হাজার ৪২টি ছাঁটাই প্রস্তাব করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এর মধ্যে মন্ত্রণালয় ভিত্তিক এক থেকে তিনজনকে বক্তব্য রাখার সুযোগ দেন স্পিকার। প্রথম ৩৩টি পর্যন্ত দাবির বেশির ভাগের ওপর বিরোধী দলীয় সংসদ সদস্যরা ছাঁটাই প্রস্তাব করে বক্তব্য রাখেন। তবে তাদের সব প্রস্তাবই কণ্ঠভোটে বাতিল হয়ে যায়। মন্ত্রীদের ব্যয় মঞ্জুরের প্রস্তাবগুলোই বহাল থাকে। এজন্য দুপুরের বিরতির পর বেলা আড়াইটায় আবার ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হলে কয়েকটি আলোচনার পর বিকেল সাড়ে ৩টার দিকে বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান স্পিকারের অনুমতি নিয়ে প্রস্তাব প্রত্যাহারের আবেদন জানান। পরে স্পিকার তা মঞ্জুর করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন ছাঁটাই প্রস্তাব দেয়া হলেও সেগুলো গৃহীত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই সংসদের মূল্যবান সময় বাঁচাতে তারা সব ছাঁটাই প্রস্তাব একসাথে প্রত্যাহার করতে চান।
তিনি বলেন, আমরা বিরোধী দলের পক্ষ থেকে মূলত প্রস্তাবগুলো দিয়েছি। কিন্তু কোনোটিই গৃহীত হতে দেখিনি। রেওয়াজের প্রতি সম্মান রেখেই বলছি, যেহেতু এই আলোচনা ও প্রস্তাব গ্রহণ হওয়ার সম্ভাবনা নেই, সেহেতু মূল্যবান সময় বাঁচানোর সুযোগ থাকলে আমরা আমাদের দেয়া সব ছাঁটাই প্রস্তাব প্যাকেজ আকারে প্রত্যাহার করে নিতে চাই। এতে সরকারি দলের কাজও সহজ হবে।
তার এ বক্তব্যের পর সরকারি ও বেসরকারি দলের সব সংসদ সদস্য টেবিল চাপড়িয়ে সমর্থন জানান।
এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ধন্যবাদ বিরোধী দলীয় নেতা। আমার মনে হয় ট্রেজারি বেঞ্চ (সরকারি দল) ইতোমধ্যে বিষয়টি গ্রহণ করেছে। আপনার প্রস্তাবের কারণে অনেক সময় বেঁচে যাবে।