দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কবি আল মুজাহিদী
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
একুশে পদকপ্রাপ্ত প্রবীণ কবি ও প্রথিতযশা সাংবাদিক আল মুজাহিদী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কথা বলতে পারছেন না এবং কৃত্রিম উপায়ে (নল দিয়ে) তাকে খাবার দেয়া হচ্ছে।
কবিকন্যা পরমা জানান, গত বৃহস্পতিবার কবির কিডনি অকেজো হয়ে পড়ায় শরীরে মারাত্মক সংক্রমণ (এসিড) ছড়িয়ে পড়ে। এর ফলে তার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং একটি ‘মাইনর হার্ট অ্যাটাক’ হয়। পরিস্থিতি জটিল হওয়ায় জরুরি বিভাগ থেকে তাকে দ্রুত সিসিইউ-তে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, কবির ফুসফুসে পানি জমেছে এবং শরীরে সংক্রমণ থাকায় অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। তার হার্টবিট নিয়ন্ত্রণে বর্তমানে ইলেকট্রিক শক থেরাপি দেয়ার কথা ভাবা হলেও বয়স ও শারীরিক দুর্বলতার কারণে সেখানেও ঝুঁকি রয়েছে। গতকাল সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ড বসে তার পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করার কথা।
কবি আল মুজাহিদী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন। তবে এক বছর আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন।
কবি আল মুজাহিদী কেবল একজন সাহিত্যিকই নন, তিনি ছিলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা। বর্ণাঢ্য পেশাজীবনে তিনি দীর্ঘ সময় ‘দৈনিক ইত্তেফাক’-এর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন।
বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় আল মুজাহিদীর বিচরণ ছিল ঈর্ষণীয়। তার প্রকাশিত অসংখ্য গ্রন্থের মধ্যে ‘হেমলকের পেয়ালা’, ‘ধ্রুপদ ও টেরাকোটা’, ‘মৃত্তিকা অতি-মৃত্তিকা’, ‘সন্ধ্যার বৃষ্টি’ এবং ‘পাখির পৃথিবী’ কাব্যগ্রন্থগুলো অত্যন্ত জনপ্রিয়। উপন্যাসের মধ্যে ‘প্রথম প্রেম’, ‘লাল বাতির হরিণ’ এবং গবেষণাধর্মী গ্রন্থ ‘কালান্তরের যাত্রী’ তার প্রতিভার স্বাক্ষর বহন করে। এ ছাড়া শিশুসাহিত্যে ‘হালুম হুলুম’, ‘তালপাতার সেপাই’ এবং অনুবাদ সাহিত্যে ‘কাইফি আজমির কবিতা’ ও ‘হাইনরীশ হাইনে’র কবিতা তার উল্লেখযোগ্য কাজ।
সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’ ছাড়াও জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসীমউদ্দীন একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার ও জয়বাংলা সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। কবির পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।