সালমার ফের বিয়ে বিচ্ছেদ

Printed Edition

সাংস্কৃতিক প্রতিবেদক

দ্বিতীয় বিয়ের সাত বছর পর ফের বিয়ে বিচ্ছেদ হয়েছে সঙ্গীতশিল্পী সালমার। মঙ্গলবার তার স্বামী ফেসবুক পোস্টে এ খবর জানান। এটি সালমার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১১ সালে পারিবারিকভাবে তার প্রথম বিয়ে হয় দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সাথে। সেই সংসারে তাদের রয়েছে একমাত্র কন্যা স্নেহা। ২০১৬ সালে বনিবনা না হওয়ায় সেই সংসারে বিচ্ছেদ ঘটে।

২০১৮ সালের শেষ দিনে পারিবারিক আয়োজনে দ্বিতীয় বিয়ে করেন সালমা। প্রথম সংসারের বিচ্ছেদের সাড়ে তিন বছর পর আইনজীবী সানাউল্লাহ নূরেকে বিয়ে করেন এই গায়িকা। পরে জানুয়ারিতে সাংবাদিকদের ডেকে স্বামীর সাথে পরিচয় করিয়ে দেন। সাত বছরের মাথায় তার এই সংসারের বিচ্ছেদের খবর জানান স্বামী সানাউল্লাহ। গত মঙ্গলবার ফেসবুক পোস্টে আলাদা হওয়ার খবর দেন তিনি।

বিচ্ছেদের সত্যত্য স্বীকার করে সালমা জানান, মানসিকভাবে ভালো নেই তিনি। তবে সাবেকের জন্য জানিয়েছেন শুভকামনা। গতকাল দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার জায়গা থেকে কিছুই হয়নি। যা হয়েছে তিনি করেছেন। তাই কেন হলো, আমি কিছুই বলতে পারব না।’

সাবেককে শুভকামনা জানিয়ে সালমা বলেন, ‘তাকে ভালোবেসে ছিলাম, মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাবো। উনি আমার মেয়ের বাবা, তার প্রতি সম্মান সবসময় থাকবে আমার। তিনি ভালো থাকুন।’

গতকাল ফেসবুকে তার স্বামী সানাউল্লাহ লিখেন, ‘কণ্ঠশিল্পী সালমার সাথে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দু’জনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণœ রেখে আমাদের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটালাম। আশা করছি, এই বিষয়টা নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন।’

সানাউল্লাহ নূরে সাগর ফেসবুক পোস্টের শেষে লিখেছেন, ‘আমরা দু’টি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যাসন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। সর্বোপরি কণ্ঠশিল্পী সালমার প্রতি আমি চিরকৃতজ্ঞ!’

কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা সঙ্গীতবিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের বিজয়ী ছিলেন। এর পর থেকে তিনি গানের সাথে যুক্ত রেখেছেন নিজেকে।