কিশোরগঞ্জ-৬ আসন চষে বেড়াচ্ছেন ৮ প্রার্থী

Printed Edition

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলমের বিপরীতে বিভিন্ন রাজনৈতিক দলের সাত প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। গত ৩ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনে দাখিল করা ১২টি মনোনয়নপত্রের মধ্যে আটটি বৈধ ঘোষণা করা হয়। তথ্যের গরমিল ও অসম্পূর্ণতার কারণে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণীতে তথ্য না দেয়ায় জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ আয়ূব হুসেন (লাঙল)। সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ থাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কুলিয়ারচর উপজেলা কমিটির সভাপতি ডা: মোহাম্মদ হাবিল মিয়া (কাস্তে)। সম্পদ ও দায়ের তথ্য পূরণ না করায় ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি) মনোনীত মো: নজরুল ইসলাম (শাপলা কলি) এবং সমর্থক ভোটার সংক্রান্ত তথ্য সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী শরিফুল হক জয়।

অন্য দিকে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: শরীফুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ মুছা খান (হাতপাখা), বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো: রুবেল হোসেন (মোমবাতি), বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন (রিকশা), খেলাফত মজলিস মনোনীত সাইফুল ইসলাম (দেয়াল ঘড়ি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত নাঈমুল হাসান (আপেল) এবং গণফোরাম মনোনীত শাফি উদ্দিন আহাম্মদ (উদীয়মান সূর্য)।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকেই এসব প্রার্থী ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে মাঠে নেমেছেন। ফলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা ধীরে ধীরে জমে উঠছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেকরা।

তবে মনোনয়নপত্র বাতিল হওয়া চার প্রার্থীও হাল ছাড়ছেন না। তারা সিদ্ধান্তের বিরুদ্ধে ােভ প্রকাশ করে জানিয়েছেন, আপিলসহ সব ধরনের আইনি প্রতিকার গ্রহণ করে শেষ পর্যন্ত নির্বাচনে থাকার চেষ্টা চালিয়ে যাবেন তারা।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১২ জন প্রার্থী কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা এবং ভৈরব ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ দিকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আতাউল্লাহ আমীনকে রিকশা প্রতীকে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন।