দ্রুত সিটি করপোরেশন নির্বাচনের দাবি সেলিম উদ্দিনের

Printed Edition

নিজস্ব সংবাদদাতা

নাগরিকদের যখন নিজেদের হাতে ঝাড়ু তুলে নিতে হয়, তখন প্রশাসনিক ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তর আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। দ্রুততম সময়ে সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের জোর দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও মেরুদণ্ডসম্পন্ন হয়ে কাজ করতে হবে; নির্বাচনে কোনো ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির হালনাগাদ তথ্য এবং চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন জানান, কাগজে-কলমে কাজ হলেও বাস্তবে তার প্রয়োগ না থাকায় বারবার নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার বাজেট, অপসারণের হার ও সমস্যার কারণ জানতে গত ২৭ আগস্ট খোলা চিঠি দেয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো জানান, নগরীতে পরিচ্ছন্নতা বজায় রাখতে তারা কাজের মাধ্যমে ‘ছায়া সিটি করপোরেশন প্রশাসন’ গঠন করবেন।

সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন জানান, স্বেচ্ছাসেবী দিয়ে শহরের বর্জ্য অপসারণের পাশাপাশি তিনটি নির্দিষ্ট ভাগে ময়লা ফেলার বিন স্থাপন করা হয়েছে। এসব পুনঃপ্রক্রিয়াজাত বর্জ্য দিয়ে খাতা ও কলম তৈরি করে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান সরকার।