মঠবাড়িয়ায় সরকারি খাল খননে বাধা কৃষকের প্রতিবাদ

Printed Edition

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

স্থানীয় প্রভাবশালী একটি মহল কর্তৃক পিরোজপুরের মঠবাড়িয়ায় খাল খননে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কৃষক ও স্থানীয়রা। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের হাসানিয়া আলিম মাদরাসা সড়কে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় কৃষক জাকির দর্জি, হারুন দফাদার, জসিম দফাদার, চুন্নু দফাদার, শংকর মিত্র, ফারুক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কখালী-তাফালবাড়িয়া গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঘরনলীশাখা খালটি নাব্যতা হারিয়ে জমির সাথে স্বাভাবিকভাবে মিশে যায়। যে কারণে যুগের পর যুগ ধরে ৪০০ হেক্টর জমির মালিকরা বহু বছর ভোগান্তি পোহাচ্ছিলেন। জলাবদ্ধতার কারণে বীজতলা পচে যাওয়ার পাশাপাশি মৌসুমি সবজি ফলাতে ব্যর্থ হতেন। কয়েক মাস আগে এ খালটি খনন কাজ শুরু হয়। সম্প্রতি স্থানীয় একটি অসাধু চক্র খাল খননে বাধা দেয়ন; যে কারণে খাল খনন থেমে যায়।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি বলেন, ওই এলাকা কৃষি সম্ভাবনাময় এলাকা। কৃষির স্বার্থে খাল খনন জরুরি। খাল খননে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।