রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ : ডিএমপি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের চলাচল নির্বিঘœ রাখতে জনশৃঙ্খলা রক্ষায় রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শনিবার (আগামীকাল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষিদ্ধ এলাকাগুলোর মধ্যে রয়েছে- প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ এলাকা।এসব এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে ইচ্ছেমতো সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘœ সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আবারো অনুরোধ জানিয়েছে ডিএমপি।