পাতানো নির্বাচনের ষড়যন্ত্র হলে জনগণ বসে থাকবে না : মুহাম্মদ শাহজাহান

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশে বারবার পাতানো ও একতরফা নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হলে সব দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা সময়ের অপরিহার্য দাবি। কোনো মহল পাতানো নির্বাচনের ষডযন্ত্র করলে দেশের জনগণ মানবে না।

বুধবার রাতে চট্টগ্রাম মহানগরীর থানা জামায়াতের দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক সঙ্কট থেকে দেশকে মুক্ত করতে হলে ইসলাম ও দেশপ্রেমিক শক্তির, আধিপত্যবাদ বিরোধীশক্তির দায়িত্বশীলের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার এবং সাধারণ মানুষের কাছে গণভোটের তাৎপর্য স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মাইমুনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররাম মুরাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহসভাপতি মকবুল আহমদ, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাঁচলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী থানা আমির নুরুল আলমসহ থানা সেক্রেটারি, ছাত্র, শ্রমিক নেতারা।