বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে চুয়েটের ১৪ উদ্ভাবনী প্রকল্প
Printed Edition
গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সমাধানের সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরতে ঢাকায় ১২-১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ অংশ নিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। মেলায় চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবিত ও গবেষণালব্ধ ১৪টি প্রকল্প প্রদর্শন করা হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রকৌশল ও প্রযুক্তির সম্ভাবনাকে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া এ মেলায় নিজেদের তৈরি নানা ধরনের উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ৭৩টি বিশ্ববিদ্যালয়সহ উদ্ভাবক ও গবেষকরা। এ ছাড়া মেলায় প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশসহ বিভিন্ন উদ্ভাবন ও ধারণা প্রদর্শন করা হয়।
চুয়েটের স্টলে প্রদর্শিত ১৪টি প্রকল্পে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি, পরিবেশ, অবকাঠামো, যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে গবেষণাকে বাস্তবমুখী করা, প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ বৃদ্ধি এবং দেশের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রকৌশলভিত্তিক উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। চুয়েটের প্রকল্পগুলোর সমন্বয় ও মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদফতরের সেকশন অফিসার ইসহাক মজুমদার।
চুয়েটের ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের স্টল পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় এ অংশগ্রহণকে আরো উৎসাহিত করেছে। তিনি চুয়েটের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরো গতিশীল করা এবং উদ্ভাবনী প্রকল্পগুলোকে বাস্তব প্রয়োগের মাধ্যমে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।