শিল্পকলায় নিয়োগ বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিন উপ-পরিচালক পদের নিয়োগ বিজ্ঞপ্তি ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৩ জানুয়ারি বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ এ আদেশ দেন।
জানা যায়, উপ-পরিচালক (প্রশাসন), উপ-পরিচালক (চারুকলা) ও উপ-পরিচালক (নাটক ও চলচ্চিত্র) পদে নিয়োগ দিতে গত ২২ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি দেয় শিল্পকলা একাডেমি, যা ২৪ ডিসেম্বর পত্রিকায় প্রকাশিত হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন সরকার জিয়াউদ্দিন আহমেদ।
ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট নির্দেশনাসহ রুল জারি করেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে জানাতে রুলে বিবাদিদের নির্দেশ দেয়া হয়েছে।
রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছয় মাসের জন্য এ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখার আদেশও দেয় আদালত। রিটে সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে বিবাদি করা হয়েছে। এর আগে নিয়োগ বিজ্ঞপ্তি সংবাদমাধ্যমে এলে এর বিরোধিতায় সরব হন একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আশঙ্কা, শিল্পকলায় যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের জন্য বিষয়টি ‘বৈষম্যমূলক’ হয়ে দাঁড়াবে। নির্দিষ্ট কাউকে শিল্পকলায় ‘চাকরি দেওয়ার উদ্দেশ্যে’ এই নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বলেও সন্দেহ কারো কারো।
এ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার জন্য শিল্পকলার মহাপরিচালকের মাধ্যমে সংস্কৃতি উপদেষ্টাকে চিঠিও দিয়েছে একাডেমির কর্মকর্তা কল্যাণ সমিতি। চিঠিতে ৪৪ জন কর্মকর্তা স্বক্ষর করেন।