টাঙ্গাইলে ঈদের আমেজে ভোট উৎসব, নারী ভোটারের উপস্থিতি বেশি
Printed Edition
বাসস
টাঙ্গাইলে ঈদের আমেজে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হওয়া বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে জেলাজুড়ে এক হাজার ৬৩টি ভোটকেন্দ্রে ঈদের আমেজে ভোটের পরিবেশ তৈরি হয়েছে।
সকাল থেকেই টাঙ্গাইলে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোটকেন্দ্রে প্রবেশ করছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে লক্ষ করা গেছে। কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়।
এর আগে নির্বাচনকে সামনে রেখে ঈদের মতো টানা চারদিন সরকারি ছুটি পাওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে ভোট দেয়ার জন্য কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বাড়ি ফিরেছেন। পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য তাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শহর ও গ্রামে এখন বিরাজ করছে ঈদের আমেজ। দীর্ঘ ১৭ বছর পর ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পেরে অত্যন্ত আনন্দিত।
ভোটারদের সাথে আলাপকালে তারা জানান, বিগত সরকারের আমলে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারেনি। বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও স্বাধীনভাবে ভোট প্রদানের আশ্বাস দিয়েছিলেন এবং তা বাস্তবায়ন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল-৫ (সদর) হুগড়া ইউনিয়নের হুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মানিকগঞ্জ থেকে আসা ব্যবসায়ী মাসুদ মিয়া পরিবারসহ ভোট দিতে এসেছেন।
তিনি বলেন, ১৭ বছর ভোট দিতে পারিনি। দিনের ভোট রাতে হয়েছে। এবার আর মিস করিনি, সকাল সকাল কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসলাম। ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল।
এ কেন্দ্রে ভোট দিতে আসা করিম মিয়া জানান, আগে ভোট দেয়ার আগেই ভোট হয়ে যেত। শুনছি এবার নির্বাচন সুষ্ঠু হবে। দীর্ঘ লাইন অপেক্ষা করে তাই ভোট দিয়ে আসলাম।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো: শরিফুল ইসলাম জানান, এ কেন্দ্রে মোট ভোটার রয়েছে তিন হাজার ৮৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৯৯৭ এবং মহিলা ভোটার এক হাজার ৯৪৬ জন।
এ কেন্দ্রে নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার উপস্থিতি বেশি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক বাসসকে জানান, টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। সে লক্ষ্যে আমরা কাজ করে চলছি। আমাদের প্রত্যাশা ও আহ্বান কোনো গুজবে কান দেবেন না।
জেলার আটটি আসনে এক হাজার ৬৩টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নির্বাচনে আচরণবিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ৬৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।