বিজিবির মানবিক উদ্যোগ

সীমান্তে বিনামূল্যে চিকিৎসা ও সহায়তা

Printed Edition

কক্সবাজার অফিস

কক্সবাজারের সীমান্তবর্তী দুর্গম এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ৩৪ বিজিবি ব্যাটালিয়ন। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান এবং শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) উদ্যোগে বাইশফাঁড়ি বিওপি এলাকার বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত অঞ্চলের প্রায় ২৭৯ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়।

এ উদ্যোগে নেতৃত্ব দেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি। তার তত্ত্বাবধানে দিনব্যাপী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আস্থা অর্জন ও মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে অসহায় পরিবারের জন্য সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়া মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হলে তাদের মধ্যে আনন্দের সঞ্চার হয়।

৩৪ বিজিবির অধিনায়ক বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নয়, মানবিক দায়িত্ববোধ থেকে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।