কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগারগাঁও কোস্টগার্ড সদর দফতরে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল সোমাবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার সাব্বির আলম সুজন এসব বিষয় জানান।

তিনি বলেন, আমন্ত্রিত অতিথিদের মধ্যে উচ্চপদস্থ সামরিক ও অসামরিক অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তা, নাবিক এবং অসামরিক ব্যক্তিদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য চারজনকে বাংলাদেশ কোস্টগার্ড পদক, চারজনকে বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদক, তিনজনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক এবং তিনজনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদকসহ মোট ১৪ জনকে পদক প্রদান করবেন।

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের বর্তমানে চারটি জোনে বিভক্ত হয়ে ৬৩টি স্টেশন/আউটপোস্ট, ২৮টি জাহাজ এবং ১৩৮টি দ্রুতগামী বোটের মাধ্যমে দেশের বিস্তীর্ণ সমুদ্র ও ২১ জেলার উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিগত বছরে পরিচালিত সর্বমোট ৫৫ হাজার ৮৪১টি অভিযানের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড ২৪৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ছয় হাজার ৮০২টি গোলাবারুদসহ ৫৯০ জন দুষ্কৃতিকারী আটক এবং ২৯৫ কোটি টাকার মাদকদ্রব্য জব্দসহ, ৬৭০ জন মাদক পাচারকারী গ্রেফতার করা হয়েছে।

চোরাচালান ও পরিবেশবিরোধী কার্যক্রম প্রতিরোধে ২১৫ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, ২৭৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়েছে। এসব অভিযানে চার কোটি টাকার অধিক জরিমানা আদায়পূর্বক রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে। একই সাথে উদ্ধার অভিযানে এক হাজার ৬২২ জনকে জীবিত উদ্ধার, মানবপাচারের ভুক্তভোগীদের উদ্ধার ও পাচারকারী আটক এবং পার্শ্ববর্তী দেশ হতে বাংলাদেশী জেলেদের নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সুবিশাল উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও সম্ভাবনাকে সুরক্ষিত করতে উক্ত বাহিনী গঠনের প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুধাবন করে, এই বাহিনীর ‘আইনি ভিত্তি’ প্রণয়ন করেন। তার ঐকান্তিক প্রচেষ্টা ও দুরদর্শী নেতৃত্বের মাধ্যমে ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি অত্র বাহিনীর গোড়াপত্তন হয় এবং তার প্রত্যক্ষ উপস্থিতিতে ১৯৯৫ সালের ১৯ ডিসেম্বর উদ্বোধনের মাধ্যমে অত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।