রামপুরায় ছাত্রদের ওপর গুলির নির্দেশদাতা ম্যাজিস্ট্রেট অমিত বহাল রাবার বোর্ডে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার আন্দোলন দমাতে ১৮ জুলাই রামপুরা এলাকায় নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন অমিত কুমার সাহা। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬তম ব্যাচের এই কর্মকর্তা ওই সময় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এই কর্মকর্তা এখনো বাংলাদেশ রাবার বোর্ডের উপপরিচালক হিসেবে কর্মরত আছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা ২০২৪ সালের ১৮ জুলাই রামপুরা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সাথে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালন করেন। এ সময় তার নির্দেশে সহকারী পরিচালক বেগ আবদুল আল মাসুম, সুবেদার আবদুস সালাম এবং হাবিলদার মোজাম্মেল হক এসএমজি ব্যবহার করে ১৫৩ রাউন্ড গুলি করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে দুলাল মাদবর নামের এক ব্যক্তি এবং রাজধানীর ঢাকা ইম্পেরিয়াল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মো: জিল্লুর শেখ নিহত হন।