সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট আজ
Printed Edition
বিশেষ সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিনা প্রতিদ্বন্দ্বীতায় তারা বিজয়ী হয়েছেন। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গতকাল আনুষ্ঠানিক এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো: মঈন উদ্দীন খান এ তথ্য জানান। গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এ ছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন প্রার্থী বৈধ হিসেবে গেজেটভুক্ত হচ্ছেন। একটি আসনের প্রার্থীর বিষয়ে আইনি জটিলতা থাকায় আপাতত সেটির ফলাফল স্থগিত রাখা হয়েছে। ওই একটি আসনের প্রার্থিতা নিয়ে উচ্চআদালতে মামলা চলমান রয়েছে এবং আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুম নামে এক প্রার্থীর মনোনয়নপত্র নতুন করে গ্রহণ করার আদেশ এসেছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। এখন যাচাই-বাছাই করা হবে। যাচাই প্রক্রিয়া শেষে তার প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বিএনপি জোটের ৩৬ জন
দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা: ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোছা: সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা: সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা: সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।
জামায়াত জোটের ১২ জন : নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মোসা: নাজমুন নাহার, মাহফুজা হান্নান, মিসেস সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।
স্বতন্ত্র একজন হলেন, সুলতানা জেসমিন।