টঙ্গীতে ১৪ শহীদের আত্মত্যাগের গল্প নিয়ে ‘জুলাই স্মৃতি স্মারক’

Printed Edition
3rd-5
টঙ্গীতে ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর জামাল উদ্দিন : নয়া দিগন্ত

গাজীপুর মহানগর প্রতিনিধি

জুলাই আন্দোলনের রক্তঝরা দিনগুলোর কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গাজীপুরের টঙ্গীতে উন্মোচন করা হলো ‘জুলাই স্মৃতি স্মারক’। শনিবার টঙ্গীর দারুল ইসলাম ট্রাস্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রকাশিত এই স্মারকে টঙ্গীর ১৪ জন শহীদ ও আন্দোলনে আহত যোদ্ধাদের সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্মারক উন্মোচন করেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জামাল উদ্দিন। পরে শহীদ শাকিল পারভেজের বাবা বেলায়েত হোসেন ও শহীদ সামিউ আমান নূরের বাবা মোহাম্মদ আমানুল্লাহসহ উপস্থিত শহীদ পরিবারের সদস্য এবং আহত বীরদের হাতে স্মারকটি তুলে দেয়া হয়।

স্মারকটির কথা বলতে গিয়ে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ‘শহীদরা আমাদের সাহসের প্রতীক। তাদের রক্তের স্মৃতি আর ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হতে পারে, সেই তাগিদ থেকেই স্থানীয় পর্যায়ের এই ইতিহাস সংরক্ষণের চেষ্টা।’ শহীদ পরিবারের পাশে সর্বদা থাকার প্রতিশ্রুতির পাশাপাশি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, পশ্চিম থানা আমির আনোয়ার হোসেন ভূঁইয়া ও স্থানীয় নেতারা। মোড়ক উন্মোচনের পর শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন আয়োজকরা, যেখানে উঠে আসে জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ আর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার নানা দিক।