পরিবেশবান্ধব শিল্পায়নে বিশ্বনেতৃত্বে বাংলাদেশ
২০২৫ সালে রেকর্ড লিড সার্টিফিকেট অর্জন
Printed Edition
শাহ আলম নূর
সবুজ শিল্প কারখানার বিশ্বনেতৃত্বের অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২৫ সালে পরিবেশবান্ধব শিল্পায়নে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত। এক বছরে সর্বোচ্চ ৩৮টি নতুন লিড সার্টিফায়েড সবুজ কারখানা অর্জনের মাধ্যমে বাংলাদেশ শুধু নিজস্ব পূর্ববর্তী রেকর্ডই ভাঙেনি, বরং পরিবেশগত দায়িত্বশীল পোশাক উৎপাদনে বিশ্বনেতৃত্ব আরো সুসংহত করেছে। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চমানের প্লাটিনাম ও গোল্ড সার্টিফিকেশনের আধিক্য প্রমাণ করছে বাংলাদেশের পোশাক শিল্প এখন কেবল উৎপাদনের পরিমাণে নয়, টেকসই ও ভবিষ্যৎ প্রস্তুতির ক্ষেত্রেও বিশ্বকে পথ দেখাচ্ছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, এই অর্জন শুধু সংখ্যার দিক থেকেই নয়, গুণগত মানের দিক থেকেও ব্যতিক্রমী। ২০২৫ সালে সার্টিফিকেশন পাওয়া ৩৮টি কারখানার মধ্যে ২২টি অর্জন করেছে সর্বোচ্চ লিড প্লাটিনাম রেটিং। এ ছাড়া ১১টি কারখানা পেয়েছে গোল্ড এবং ৫টি সিলভার সার্টিফিকেশন। লক্ষণীয় বিষয় হচ্ছে, এবার কোনো কারখানাই ন্যূনতম বা বেসিক সার্টিফিকেশনে সীমাবদ্ধ থাকেনি। এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে, বাংলাদেশের পোশাক শিল্প এখন কেবল নিয়মরক্ষার জন্য নয়, বরং উৎকর্ষতা অর্জনের লক্ষ্যেই সবুজ রূপান্তরের পথে এগোচ্ছে।
তথ্যে দেখা যায়, নতুন ৩৮টি কারখানা যুক্ত হওয়ায় বাংলাদেশে বর্তমানে মোট ২৭০টি লিড সার্টিফায়েড সবুজ পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ১১৪টি প্লাটিনাম এবং ১৩৭টি গোল্ড রেটিংপ্রাপ্ত। বিশ্বের কোনো দেশেই এত বেশি উচ্চমানের লিড প্লাটিনাম ও গোল্ড কারখানার উপস্থিতি নেই। ফলে পরিবেশবান্ধব কারখানায় পোশাক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ এখন নিঃসন্দেহে বৈশ্বিক নেতৃত্ব দিচ্ছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, এই সাফল্য হঠাৎ করে আসেনি। এটি দীর্ঘদিনের পরিকল্পিত বিনিয়োগ, কারখানা নকশা ও প্রযুক্তিতে পরিবর্তন এবং শিল্পমালিকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফল। বিশেষ করে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) কৌশলগত নেতৃত্ব ও নীতিগত সহায়তা এই অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছে।
বিশ্ববাজারে পোশাক শিল্প এখন শুধু দামের প্রতিযোগিতায় সীমাবদ্ধ নেই। ক্রেতা, ভোক্তা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো ক্রমেই পরিবেশগত দায়বদ্ধতা, কার্বন নিঃসরণ, পানির ব্যবহার এবং শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর জোর দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নতুন পরিবেশগত বিধিমালা, কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম) এবং টেকসই সরবরাহ চেইনসংক্রান্ত আইনগুলো পোশাক রফতানিকারক দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
এই বাস্তবতায় বাংলাদেশী প্রস্তুতকারকরা আগেভাগেই নিজেদের মানিয়ে নিতে শুরু করেছেন। লিড সার্টিফিকেশন এখন শুধু একটি পরিবেশগত স্বীকৃতি নয়, বরং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার একটি কৌশলগত হাতিয়ার। কম শক্তি ব্যবহার, পানির দক্ষ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, বর্জ্য পুনর্ব্যবহার এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো- এসব বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে কারখানাগুলো নতুন করে নির্মাণ বা আধুনিকায়ন করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালের এই রেকর্ড অর্জন বাংলাদেশের আরএমজি খাতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি শুধু সবুজ ভবনের সংখ্যা বৃদ্ধি নয়, বরং শিল্পখাতের মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রতিফলন। বাংলাদেশ এখন ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ যেমন ডিজিটাল ট্রেসেবিলিটি, কার্বন প্রাইসিং, সার্কুলার ইকোনমি এবং পরিবেশগত তথ্য প্রকাশের জন্য নিজেকে প্রস্তুত করছে।
অনেক কারখানাই এখন কমকার্বন উৎপাদন ব্যবস্থা, সৌরশক্তি ব্যবহার, পানি পুনর্ব্যবহার প্ল্যান্ট এবং ডিজিটাল পরিবেশগত রিপোর্টিং সিস্টেম চালু করছে। এর ফলে একদিকে উৎপাদন খরচ দীর্ঘমেয়াদে কমছে, অন্য দিকে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর আস্থা বাড়ছে।
শিল্পসংশ্লিষ্টরা মনে করছেন, আগামী দিনে এই অর্জনের ওপর ভিত্তি করেই আরো বড় লক্ষ্য নির্ধারণ করতে হবে। সবুজ কারখানার সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুরো সরবরাহ শৃঙ্খলকে টেকসই করা, কার্বন নিঃসরণ আরো কমানো এবং সার্কুলার উৎপাদন ব্যবস্থায় রূপান্তর এই চ্যালেঞ্জগুলো মোকাবেলাই হবে পরবর্তী ধাপ।