খাজার বিদায়ী ম্যাচে জয় অস্ট্রেলিয়ার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নাটকীয় শেষ দিনে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে অ্যাশেজ সিরিজ ৪-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দেয়া ১৬০ রানের ল্য তাড়া করতে নেমে কিছুটা বিপাকে পড়লেও শেষ পর্যন্ত অ্যালেক্স কেরি ও ক্যামেরন গ্রিনের দৃঢ়তায় জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া অ্যাশেজে তাদের আধিপত্য আরা একবার প্রমাণ করল।
ম্যাচে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ট্রাভিস হেডের ১৬৩ ও স্টিভ স্মিথের ১৩৮ রানে ভর করে ৫৬৭ রানের বড় স্কোর করে। ইংল্যান্ডের হয়ে জশ টাং নেন ৩ উইকেট। জবাবে জো রুটের দুর্দান্ত ১৬০ রানের ইনিংসও দলকে বড় লিড এনে দিতে পারেনি। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৪ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে মাইকেল নেসের ৪ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড কিছুটা লড়াইয়ের আভাস দেয়। জেকব বেথেলের ১৫৪ রানের অনবদ্য ইনিংসে ভর করে তারা ৩৪২ রান তোলে। তবে মিচেল স্টার্ক ও ওয়েবস্টারের কার্যকর বোলিংয়ে লিড বড় করতে পারেনি বেন স্টোকের দল। অস্ট্রেলিয়া ল্য পায় মাত্র ১৬০ রানের। স্টার্ক ৩ উইকেট নেন। সিরিজে মাট ৩১ উইকেট শিকারের জন্য সিরিজসেরাও তিনি।
ল্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতে ৬২ রানে কোনো উইকেট না হারালেও দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে। শেষ টেস্ট খেলতে নামা উসমান খাজা আবেগঘন পরিবেশে ক্রিজে আসেন। তবে বিদায় বেলা তেমন রাঙাতে পারেননি প্রতিবাদী এ ক্রিকেটার। প্রথম ইনিংসে ১৭ রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ রান করে বিদায় নেন। এতে ম্যাচে উত্তেজনা বাড়ে। একপর্যায়ে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৩৯ রান, হাতে ছিল ৫ উইকেট।
এই সময় দায়িত্ব নেন অ্যালেক্স কেরি ও ক্যামেরন গ্রিন। দু’জন মিলে ৪০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।